জানুয়ারি ২০, ২০২৬, ১০:৫০ এএম
অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ এক শ্বাসতন্ত্রের ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে যা নতুন করে স্বাস্থ্য বিপর্যয় তৈরি করেছে। এতে আক্রান্ত হয়ে ইতিমধ্যে বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড। গাজা সিটির আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া জানান।
গাজার বর্তমান নাজুক স্বাস্থ্যব্যবস্থা এই ভাইরাসের সংক্রমণ সামাল দিতে পারছে না বিশেষ করে শিশু, বয়স্ক এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। চিকিৎসকদের মতে, এই ভাইরাসটি ফ্লু অথবা করোনাভাইরাসের একটি ভয়ংকর রূপ হতে পারে।
টানা অপুষ্টি, মানসিক চাপ এবং দীর্ঘ সময় টিকাদান কর্মসূচি বন্ধ থাকার ফলে গাজার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, যার ফলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে।
আক্রান্তদের মধ্যে তীব্র জ্বর, শরীর ব্যথা ও বমির উপসর্গ দেখা দিচ্ছে, যা অনেকের ক্ষেত্রে প্রাণঘাতী নিউমোনিয়ায় রূপ নিচ্ছে। বাস্তুচ্যুত পরিবারগুলো তাঁবুতে গাদাগাদি করে থাকায় এবং শীতকালীন স্যাঁতসেঁতে পরিবেশের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। এদিকে হাসপাতালগুলোতে অ্যান্টিবায়োটিক, অক্সিজেন এবং জীবনরক্ষাকারী ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।
আবু সালমিয়া অভিযোগ করেছেন যে, ইসরায়েলি কর্তৃপক্ষ গাজায় প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ল্যাবরেটরি সামগ্রী প্রবেশে পরিকল্পিতভাবে বাধা দিচ্ছে। তিনি এই মানবিক বিপর্যয় রুখতে এবং জীবনরক্ষাকারী ওষুধ সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত গাজার এই নজিরবিহীন স্বাস্থ্য সংকট এখন পুরো অঞ্চলের জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন