রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরাইলি হামলা, ৩ ফিলিস্তিনি নিহত

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২৬, ১০:২৭ এএম

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরাইলি হামলা, ৩ ফিলিস্তিনি নিহত

গাজায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর নতুন হামলায় দুই শিশুসহ অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। আজ রোববার ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করেই ইসরাইল এই নগ্ন হামলা চালিয়েছে যা নতুন করে শান্তি আলোচনাকে হুমকির মুখে ফেলেছে।

চিকিৎসা সূত্রের বরাতে জানা গেছে উত্তর গাজার বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের কাছে ইসরাইলি বোমা হামলায় আল-জাওয়ারা পরিবারের দুই কিশোর সালমান জাকারিয়া এবং মোহাম্মদ ইউসুফ নিহত হয়েছে। তাদের বয়স ছিল যথাক্রমে ১৪ ও ১৫ বছর। তারা দুজনেই বেইত লাহিয়ার স্থানীয় বাসিন্দা ছিল। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী যে এলাকা থেকে ইসরাইলি সেনাদের পুরোপুরি সরে যাওয়ার কথা ছিল সেই নির্দিষ্ট এলাকাতেই ড্রোন হামলা চালিয়ে এই কিশোরদের প্রাণ কেড়ে নেওয়া হয়।এর আগে উত্তর গাজার জাবালিয়া শহরের ওল্ড গাজা স্ট্রিটে ইসরাইলি হামলায় কয়েকজন ফিলিস্তিনি মারাত্মকভাবে আহত হন বলে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা বিভাগের সূত্র নিশ্চিত করেছে। এছাড়া বেইত লাহিয়ার আল-সালাতিন এলাকায় ইসরাইলি স্নাইপারের গুলিতে আরও একজন ফিলিস্তিনি আহত হয়েছেন। 

অন্যদিকে দক্ষিণ গাজার খান ইউনিসের কিজান আল-নাজ্জার এলাকায় পৃথক এক হামলায় আরও এক ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার সকালে খান ইউনিস শহরের কেন্দ্রস্থলে একটি ইসরাইলি কোয়াডকপ্টার ড্রোন থেকে নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় এক ব্যক্তির মাথায় গুরুতর আঘাত লেগেছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরাইলি সামরিক অভিযানে এ পর্যন্ত ৭১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে গত ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি হামলায় এখন পর্যন্ত আরও ৪৮১ জন ফিলিস্তিনি নিহত এবং ১ হাজার ৩১৩ জন আহত হয়েছে। শীতকালীন তীব্র ঠান্ডা এবং পর্যাপ্ত ত্রাণের অভাবে গাজার পরিস্থিতি আগে থেকেই শোচনীয় ছিল তার মধ্যে এই অব্যাহত হামলা ফিলিস্তিনিদের জীবনকে আরও সংকটাপন্ন করে তুলছে।