সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচন ঘিরে বাংলাদেশ ভ্রমণে নিজ নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৬, ১০:৫৯ পিএম

নির্বাচন ঘিরে বাংলাদেশ ভ্রমণে নিজ নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা ও উগ্রবাদী গোষ্ঠীর সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় নিয়ে নিজ দেশের নাগরিকদের জন্য নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস বা এফসিডিও এই প্রজ্ঞাপন জারি করে। সংস্থাটি জানিয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে ঘিরে নিরাপত্তার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। 

ব্রিটিশ নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত সাবধানতার সাথে পরিকল্পনা করা এবং স্থানীয় প্রশাসনের পরামর্শ কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে বাংলাদেশের কিছু নির্দিষ্ট এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার কথা বলেছে ব্রিটেন।

এফসিডিওর জারি করা এই সতর্কবার্তায় পার্বত্য চট্টগ্রামের তিন জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া না যাওয়ার বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের দাবি ওই অঞ্চলের প্রত্যন্ত এলাকায় নিয়মিত সহিংসতা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে যা বিদেশি পর্যটক বা নাগরিকদের জন্য অনিরাপদ হতে পারে। 

এছাড়া রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ব্রিটিশ সরকারের ওই নোটিশে বলা হয়েছে যে গত ২২ জানুয়ারি থেকে বাংলাদেশে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। নির্বাচনকালীন এই সময়ে রাজনৈতিক সমাবেশ এবং ভোটকেন্দ্রগুলোকে লক্ষ্য করে সহিংসতার আশঙ্কা প্রবল। উগ্রবাদী গোষ্ঠীগুলো এই সুযোগে সক্রিয় হয়ে উঠতে পারে বলে ধারণা করছে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর।ব্রিটেনের নাগরিকদের প্রতি বিশেষ নির্দেশনায় বলা হয়েছে তারা যেন সব সময় নিজেদের চারপাশ সম্পর্কে সচেতন থাকেন এবং যেকোনো ধরণের বড় জনসমাগম বা সংবেদনশীল এলাকা থেকে দূরে অবস্থান করেন। 

স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার নির্দেশনা পালন করার পাশাপাশি ভ্রমণের সময় বিকল্প পরিকল্পনা সাথে রাখার কথা বলা হয়েছে। এফসিডিও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তাদের এই সতর্কবার্তা উপেক্ষা করে কেউ যদি ওইসব ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ করেন তবে সংশ্লিষ্ট ব্যক্তির ভ্রমণ বিমা বাতিল হয়ে যেতে পারে। বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে এবং নিরাপত্তা পরিস্থিতি বুঝে চলাফেরা করার জন্য অনুরোধ জানিয়েছে দেশটি।