বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ ৭৪ শতাংশ বৃদ্ধি

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৭:০১ পিএম

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ ৭৪ শতাংশ বৃদ্ধি

ভারতের ২০২৭ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটে প্রতিবেশী দেশগুলোর জন্য বরাদ্দ ও অনুদান সহায়তায় বড় ধরণের রদবদল আনা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইনের প্রতিবেদন অনুযায়ী, নতুন বাজেটে বাংলাদেশের জন্য অনুদান সহায়তা উল্লেখযোগ্যভাবে ৭৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এর ফলে আসন্ন অর্থবছরে বাংলাদেশকে অনুদান হিসেবে দেওয়ার জন্য ৬০ কোটি রুপি বরাদ্দ রেখেছে নয়াদিল্লি। 

গত অর্থবছরের সংশোধিত বাজেটে এই বরাদ্দের পরিমাণ ছিল ৩৪ কোটি ৪৮ লাখ রুপি।বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব নিয়ে নানা আলোচনা থাকলেও কৌশলগত সম্পর্কের গুরুত্ব বিবেচনায় নয়াদিল্লি এই বরাদ্দ বাড়িয়েছে। 

তবে এর আগে ২০২৬ সালের প্রস্তাবিত বাজেটে বাংলাদেশের জন্য ১২০ কোটি রুপি বরাদ্দের কথা থাকলেও সংশোধিত বাজেটে তা অনেকটা কমিয়ে আনা হয়েছিল। এবার সেই ধারা ভেঙে বড় অংকের বরাদ্দ রাখা হয়েছে। 

অন্যদিকে, তালেবান শাসিত আফগানিস্তানের জন্যও ভারতের সহায়তা ৫০ শতাংশ বাড়িয়ে ১৫০ কোটি রুপি করা হয়েছে।ভারতের বিদেশি সহায়তার তালিকায় বরাবরের মতো এবারও শীর্ষে রয়েছে ভুটান। দেশটির জন্য মোট ২ হাজার ২৮৮ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে, যা গত বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি। শ্রীলঙ্কার জন্য অনুদান ৩৩ শতাংশ বাড়িয়ে ৪০০ কোটি রুপি করা হয়েছে। তবে নেপাল, মালদ্বীপ ও মরিশাসের মতো দেশগুলোর ক্ষেত্রে বরাদ্দ কমিয়ে আনা হয়েছে। বিশেষ করে মরিশাসের বরাদ্দ কমেছে প্রায় ৩৩ শতাংশ এবং মালদ্বীপের জন্য বরাদ্দ কমেছে ১২ শতাংশ।

বাজেটের সবচেয়ে বড় চমক ছিল ইরানের চাবাহার বন্দরের জন্য অনুদান পুরোপুরি বন্ধ করে দেওয়া। গত অর্থবছরেও যেখানে চাবাহারে ৪০০ কোটি রুপি বরাদ্দ ছিল, এবার তা শূন্যে নামিয়ে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান নিষেধাজ্ঞার চাপ এবং ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আসার পর নিষেধাজ্ঞার আরও কড়াকড়ি হওয়ার আশঙ্কায় ভারত এই কৌশলগত পিছুটান নিয়েছে। সব মিলিয়ে নতুন অর্থবছরে বিদেশি রাষ্ট্রগুলোকে সহায়তা বাবদ ৮ হাজার ৭৯২ কোটি রুপি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ২৭ শতাংশ কম।