বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

গাজায় শান্তি প্রতিষ্ঠায় একজোট তুরস্ক ও মিশর: এরদোয়ান

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১০:২২ এএম

গাজায় শান্তি প্রতিষ্ঠায় একজোট তুরস্ক ও মিশর: এরদোয়ান

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে এবং গাজায় দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে তুরস্ক ও মিশর। বুধবার কায়রোতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। 

বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান স্পষ্ট করেন যে গাজার মানবিক পরিস্থিতি উন্নয়ন এবং লিবিয়ায় স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে। 

তিনি বলেন গাজায় শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক ও মিশরের এই সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে কারণ সেখানে চলমান মানবিক বিপর্যয় রোধ করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। লিবিয়ার আঞ্চলিক অখণ্ডতা ও ঐক্য রক্ষায় দুই দেশের অভিন্ন লক্ষ্যের কথাও এই বৈঠকে গুরুত্বের সাথে উঠে আসে।

গাজা ইস্যুর পাশাপাশি এই সফরে তুরস্ক ও মিশরের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়েও বড় ঘোষণা এসেছে। প্রেসিডেন্ট এরদোয়ান জানান যে আফ্রিকা মহাদেশে মিশর বর্তমানে তুরস্কের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ৮ থেকে ৯ বিলিয়ন ডলার যা আগামীতে ১৫ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে আঙ্কারার। 

বাণিজ্য ছাড়াও সামুদ্রিক নিরাপত্তা ও নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় দুই দেশ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেছে। দীর্ঘদিনের কূটনৈতিক শীতলতা কাটিয়ে দুই শীর্ষ নেতার এই বৈঠককে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এরদোয়ানের এই কায়রো সফর তুরস্ক ও মিশরের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।