ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১১:৪৫ এএম
২০২০ সালে চীন গোপনে একটি ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল বলে চাঞ্চল্যকর দাবি করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এ সংক্রান্ত নতুন ও শক্তিশালী গোয়েন্দা তথ্য এখন তাদের হাতে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সরকারের পক্ষ থেকে চীনের এই পারমাণবিক কার্যক্রমের ওপর কঠোর নজরদারি চালানো হচ্ছে।
যুক্তরাষ্ট্রের দাবি, আন্তর্জাতিক নীতিমালা তোয়াক্কা না করেই বেইজিং তাদের পারমাণবিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে।ওয়াশিংটনের একটি গবেষণা প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহকারী সচিব ক্রিস্টোফার ইয়াও এই নতুন তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, কাজাখস্তানের একটি দূরবর্তী ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র ২০২০ সালের ২২ জুন পশ্চিম চীনের লোপ নুর পরীক্ষাকেন্দ্র থেকে প্রায় ৭২০ কিলোমিটার দূরে ২ দশমিক ৭৫ মাত্রার একটি ভূকম্প শনাক্ত করেছিল। ইয়াওয়ের দাবি অনুযায়ী, এই ভূকম্পনের ধরণ বিশ্লেষণ করে দেখা গেছে এটি সাধারণ কোনো প্রাকৃতিক ভূমিকম্প ছিল না।
বরং এটি ঠিক সেই ধরনের সংকেত, যা একটি উচ্চক্ষমতাসম্পন্ন পারমাণবিক বিস্ফোরণের ক্ষেত্রে প্রত্যাশিত।মার্কিন এই কর্মকর্তা আরও ব্যাখ্যা করেন যে, শনাক্ত হওয়া সংকেতগুলো খনিশিল্পে ব্যবহৃত কোনো বিস্ফোরণের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে এটি একটি গোপন পারমাণবিক পরীক্ষা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে পারমাণবিক পরীক্ষার বিস্ফোরণ শনাক্তের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক সংস্থা কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার-টেস্ট-ব্যান ট্রিটি অর্গানাইজেশন (সিটিবিটিও) জানিয়েছে, মার্কিন এই অভিযোগ নিশ্চিত করার মতো পর্যাপ্ত তথ্য আপাতত তাদের কাছে নেই। আন্তর্জাতিক এই সংস্থার এমন বক্তব্যে মার্কিন দাবির সত্যতা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে প্রত্যাখ্যান করেছে চীন। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ এক বিবৃতিতে বলেন, বেইজিং সর্বদা আন্তর্জাতিক পারমাণবিক নীতিমালা মেনে চলে। তার মতে, যুক্তরাষ্ট্র নিজেই নতুন করে পারমাণবিক পরীক্ষা শুরু করার অজুহাত তৈরির জন্য চীনের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তিনি ওয়াশিংটনকে এই ধরণের উস্কানিমূলক প্রচারণা বন্ধ করার আহ্বান জানান। এই পাল্টাপাল্টি অভিযোগের ফলে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার বিদ্যমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন