মার্চ ৩, ২০২৬, ১০:০৫ এএম
সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলার শিকার হয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের দুটি গুরুত্বপূর্ণ ডেটা সেন্টার। অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা এডব্লিউএস এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে যে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনা ঘটেছে। আমিরাতের পাশাপাশি পার্শ্ববর্তী দেশ বাহরাইনেও প্রতিষ্ঠানটির একটি স্থাপনার কাছাকাছি ড্রোন হামলার খবর পাওয়া গেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, এই ড্রোন হামলার ফলে প্রতিষ্ঠানটির অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।অ্যামাজন কর্তৃপক্ষ জানিয়েছে যে, ড্রোনের সরাসরি আঘাতে তাদের ডেটা সেন্টারগুলোর ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে।
মূলত একটি নির্দিষ্ট অঞ্চলের ওয়েবসাইট, অনলাইন অ্যাপ্লিকেশন এবং বিভিন্ন ইন্টারনেট পরিষেবার তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার কাজ করে এই ডেটা সেন্টারগুলো।
ফলে এ ধরনের সংবেদনশীল স্থাপনায় হামলার প্রভাব অত্যন্ত গুরুতর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার পর থেকে ওই অঞ্চলে ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন সেবায় ধীরগতি বা সাময়িক বিভ্রাট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল ও অপ্রত্যাশিত পরিস্থিতির কথা উল্লেখ করে অ্যামাজন তাদের গ্রাহকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে।
প্রতিষ্ঠানটি অবিলম্বে তাদের গ্রাহকদের প্রয়োজনীয় ডেটা ব্যাকআপ রাখার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে কোনো ধরনের ঝুঁকি এড়াতে মধ্যপ্রাচ্যের সার্ভার থেকে তথ্য সরিয়ে যুক্তরাষ্ট্র, এশিয়া বা ইউরোপের ডেটা সেন্টারগুলোতে স্থানান্তরের আহ্বান জানানো হয়েছে। বড় ধরনের সাইবার বা ডিজিটাল বিপর্যয় এড়াতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে এডব্লিউএস।
এখন পর্যন্ত এই ড্রোন হামলার দায় কোনো পক্ষ স্বীকার করেনি। তবে বিশ্বজুড়ে ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটির ওপর এমন হামলা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। বিশেষ করে বৈশ্বিক ইন্টারনেট যোগাযোগ ও ডিজিটাল অর্থনীতির জন্য এ ধরনের স্থাপনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় নিরাপত্তার বিষয়টি পুনরায় আলোচনায় আসছে। মধ্যপ্রাচ্যের এই ভূ-রাজনৈতিক অস্থিরতা কীভাবে বৈশ্বিক প্রযুক্তি খাতে প্রভাব ফেলে, সেটিই এখন পর্যবেক্ষণের বিষয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন