শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬,

চীন থেকে তেল রপ্তানি স্থগিত, বিশ্ববাজারে নতুন সংকট

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৫, ২০২৬, ০৩:৩১ পিএম

চীন থেকে তেল রপ্তানি স্থগিত, বিশ্ববাজারে নতুন সংকট

তেল শোধনাগারে সতর্কতা

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক ও রাজনৈতিক উত্তেজনার জেরে নিজেদের পরিশোধিত জ্বালানি তেল রপ্তানি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে চীন। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সম্ভাব্য সংকট মোকাবিলার অংশ হিসেবে বেইজিং তাদের অভ্যন্তরীণ শোধনাগারগুলোকে ডিজেল ও পেট্রোল রপ্তানি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজ বৃহস্পতিবার এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। 

বেইজিংয়ের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন বা এনডিআরসির কর্মকর্তারা ইতিমধ্যে দেশের প্রধান শোধনাগারগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে এই মৌখিক নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।

চীন মূলত অপরিশোধিত তেলের জন্য আমদানির ওপর নির্ভরশীল হলেও তারা বিপুল পরিমাণ পরিশোধিত জ্বালানি পণ্য বিশ্ববাজারে রপ্তানি করে থাকে। তবে বর্তমানে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের ফলে হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ রয়েছে। 

এমন পরিস্থিতিতে নিজস্ব মজুত ঠিক রাখতে এবং অভ্যন্তরীণ চাহিদা মেটাতে চীন এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। বাণিজ্যিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী চীনের মোট আমদানিকৃত তেলের প্রায় ৫৭ শতাংশই আসে মধ্যপ্রাচ্য থেকে যা এখন সংকটের মুখে পড়েছে।নতুন এই নির্দেশনার ফলে পেট্রোচায়না, সিনোপেক ও সিএনওওসির মতো বড় সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি শোধনাগারগুলোও আর কোনো নতুন রপ্তানি চুক্তি করতে পারবে না। 

এমনকি ইতিমধ্যে চূড়ান্ত হওয়া চালানের চালানগুলো বাতিলের বিষয়েও সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করার কথা বলা হয়েছে। যদিও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিয়মিত সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের বিষয়ে সরাসরি কোনো তথ্য জানাননি তবে ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে যে এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে তেলের দামের অস্থিরতার মাঝে চীনের এই পদক্ষেপ জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।