মার্চ ৭, ২০২৬, ১১:১৫ এএম
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও সংঘাতের সরাসরি প্রভাব এখনো চীনের ওপর ব্যাপকভাবে না পড়লেও বেইজিং ইতোমধ্যে এর সুদূরপ্রসারী ধাক্কা অনুভব করতে শুরু করেছে। স্বল্পমেয়াদে চীনের কাছে কয়েক মাসের তেলের মজুত থাকলেও দীর্ঘমেয়াদে এই সংকট তাদের কৌশলগত ও অর্থনৈতিক পরিকল্পনার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বেইজিংয়ে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ বৈঠক চলাকালীন এই যুদ্ধ পরিস্থিতি চীনের জন্য এক নতুন দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। বিশেষ করে অভ্যন্তরীণ অর্থনীতিতে যখন ভোক্তা পর্যায়ের ব্যয় সংকোচন এবং সম্পত্তি খাতের সংকট চলছে, তখন জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটা চীনের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিতে পারে।
চীনা নীতিনির্ধারকরা এখন সবচেয়ে বেশি উদ্বিগ্ন তাদের জ্বালানি নিরাপত্তা এবং জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ পথগুলো নিয়ে। মধ্যপ্রাচ্য থেকে চীনের বিশাল অংকের জ্বালানি তেল সরবরাহ আসে এবং হরমুজ প্রণালীর মতো স্পর্শকাতর পথ দিয়ে তাদের পণ্যবাহী জাহাজগুলো চলাচল করে।
এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় এবং প্রণালীটি বন্ধ হয়ে যায়, তবে তার প্রভাব চীনের রপ্তানিনির্ভর অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে যেতে পারে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অস্থিরতা চললে এর প্রভাব আফ্রিকা ও এশিয়ার অন্যান্য দেশেও পড়বে, যেখানে চীনের বিশাল বিনিয়োগ রয়েছে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর বিনিয়োগ কমে গেলে সেই অস্থিরতা পরোক্ষভাবে চীনের দীর্ঘমেয়াদি বাণিজ্যিক স্বার্থকেই ক্ষতিগ্রস্ত করবে।
ইরানের সঙ্গে চীনের সম্পর্ককে অনেক পশ্চিমা বিশ্লেষক ঘনিষ্ঠ মিত্রতা হিসেবে দেখলেও বাস্তবে এটি মূলত লেনদেনভিত্তিক একটি সম্পর্ক। ২০২১ সালে দুই দেশের মধ্যে ২৫ বছরের কৌশলগত অংশীদারত্ব চুক্তি হলেও প্রতিশ্রুত বিনিয়োগের খুব অল্প অংশই বাস্তবে ইরানে পৌঁছেছে। তবে তেল কেনাবেচার ক্ষেত্রে দুই দেশ একে অপরের ওপর নির্ভরশীল। তথ্য অনুযায়ী ২০২৫ সালে চীন তাদের মোট তেল আমদানির প্রায় ১২ শতাংশ সংগ্রহ করেছে ইরান থেকে।
তেলের উৎস গোপন করতে অনেক সময় আন্তর্জাতিক বাজারে এসব চালানের লেবেল পরিবর্তন করার অভিযোগও রয়েছে। এর বাইরে ইরানকে প্রযুক্তিগত ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহায়তা দেওয়ার অভিযোগ থাকলেও চীন সব সময় তা অস্বীকার করে আসছে।বর্তমান পরিস্থিতিতে চীন নিজেকে যুক্তরাষ্ট্রের বিপরীতে একটি ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে জাহির করতে চাইলেও সামরিক সীমাবদ্ধতা তাদের ভাবিয়ে তুলছে। যুক্তরাষ্ট্র যেভাবে সরাসরি সামরিক হস্তক্ষেপ করে তার মিত্রদের রক্ষা করছে, চীনের সেই সক্ষমতা এখনো গড়ে ওঠেনি।
তাই বেইজিং আপাতত কূটনৈতিক তৎপরতা ও যুদ্ধবিরতির আহ্বানের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন চীন সফরকে সামনে রেখে বেইজিং অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছে। তারা এই সংকটকে কাজে লাগিয়ে বিশ্ববাসীর কাছে যুক্তরাষ্ট্রকে এক অস্থির ও যুদ্ধ উসকে দেওয়া শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, যাতে বৈশ্বিক নেতৃত্বের দৌড়ে শি জিনপিং নিজেকে একজন স্থিতিশীল নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন।
সূত্র: বিবিসি বাংলা


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন