বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬,

মধ্যপ্রাচ্যের ৬ রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত ঘোষণা

জাতীয় ডেস্ক

মার্চ ৭, ২০২৬, ০১:৫৬ পিএম

মধ্যপ্রাচ্যের ৬ রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত ঘোষণা

বিমানের ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং আকাশপথে উদ্ভূত নিরাপত্তা ঝুঁকির কারণে বড় ধরনের শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিরাজমান বাস্তবতায় মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে আগামী ৮ মার্চ পর্যন্ত নিজেদের সব ফ্লাইট বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এর আগে ৩ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত এসব রুটে ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল, যা এখন আরও বৃদ্ধি করা হয়েছে। 

শুক্রবার দুপুরে বিমানের পক্ষ থেকে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সিগুলোকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।বাতিল হওয়া রুটগুলোর তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত। 

বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, আকাশপথের পরিস্থিতির উন্নতি সাপেক্ষে যাত্রীদের বাতিল হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী সময়সূচি দ্রুত জানিয়ে দেওয়া হবে। তবে বর্তমান পরিস্থিতির অনিশ্চয়তা না কাটা পর্যন্ত নতুন কোনো শিডিউল কার্যকর করা সম্ভব হচ্ছে না বলে তারা মনে করছেন। 

উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসী শ্রমিক ও নিয়মিত যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন।মূলত গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এই ঘোষণার সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর। আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটেও ব্যাপক শিডিউল বিপর্যয় লক্ষ্য করা গেছে। 

প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ঢাকা থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৪৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানের পক্ষ থেকে যাত্রীদের নিয়মিত কল সেন্টার বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রাখার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে। আকাশপথের উত্তেজনা নিরসন না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।