রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এক সপ্তাহের জন্য সব ফ্লাইট স্থগিত করলো ওমান এয়ার

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৮, ২০২৬, ০৫:৫২ পিএম

এক সপ্তাহের জন্য সব ফ্লাইট স্থগিত করলো ওমান এয়ার

ওমান এয়ারের উড়োজাহাজ

আঞ্চলিক আকাশসীমা বন্ধ থাকার প্রেক্ষাপটে ওমান এয়ার তাদের গুরুত্বপূর্ণ বেশ কিছু আন্তর্জাতিক রুটে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। আজ রোববার ওমান এয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ৯ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত উপসাগরীয় দেশগুলোতে এবং সেসব দেশ থেকে ওমানে আসা-যাওয়ার সকল ফ্লাইট বন্ধ থাকবে। 

মূলত মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে উদ্ভূত সীমাবদ্ধতার কারণেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিমান সংস্থাটি একটি তালিকা প্রকাশ করে জানিয়েছে যে, আম্মান, দুবাই, বাহরাইন, দোহা, দাম্মাম, কুয়েত এবং বাগদাদের মতো গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোতে এই এক সপ্তাহ কোনো ফ্লাইট পরিচালনা করা হবে না। এছাড়া খাসাব রুটেও বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওমান এয়ার। এই আকস্মিক ঘোষণার ফলে সংশ্লিষ্ট রুটের কয়েক হাজার যাত্রী চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। 

বিশেষ করে যারা কর্মস্থল বা জরুরি প্রয়োজনে যাতায়াতের জন্য অগ্রিম টিকেট সংগ্রহ করেছিলেন, তাদের যাত্রা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।ওমান এয়ার কর্তৃপক্ষ জানিয়েছে যে, আঞ্চলিক আকাশসীমা পুনরায় উন্মুক্ত হলে এবং উড্ডয়ন পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে নতুন সময়সূচি ঘোষণা করা হবে। 

এর মধ্যে যারা টিকেট সংগ্রহ করেছেন, তাদের টিকেটের অর্থ ফেরত বা তারিখ পরিবর্তনের বিষয়ে বিমান সংস্থাটির গ্রাহক সেবা বিভাগের সাথে দ্রুত যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সামরিক ও রাজনৈতিক উত্তেজনার জেরে বিভিন্ন দেশ তাদের আকাশসীমা নিয়ন্ত্রণ বা পুরোপুরি বন্ধ রাখায় আন্তর্জাতিক এভিয়েশন খাতে এমন অচলাবস্থা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।