শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

ইরানকে ভাগ করে তেল দখলের চেষ্টা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৯, ২০২৬, ০৮:৩৯ পিএম

ইরানকে ভাগ করে তেল দখলের চেষ্টা যুক্তরাষ্ট্রের

ইসমাইল বাঘাইয়ের বক্তব্য

ইরানকে খণ্ডবিখণ্ড করার মাধ্যমে দেশটির বিশাল তেল সম্পদ কবজা করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সোমবার এক সংবাদ সম্মেলনে এমন গুরুতর অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি দাবি করেন, ওয়াশিংটনের আসল উদ্দেশ্য হলো ইরানের প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করা এবং এই লক্ষ্যেই তারা তেহরানের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। 

তবে ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হলেও নিজের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করবে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন।

সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, কোনো দেশ যদি তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা চালায়, তবে তেহরানের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে। এই ধরনের প্রতিরোধমূলক কার্যক্রমকে কোনোভাবেই শত্রুতা হিসেবে গণ্য করা উচিত নয়। সম্প্রতি তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানের দিকে ইরানি ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার যে অভিযোগ উঠেছে, তা জোরালোভাবে প্রত্যাখ্যান করেন এই মুখপাত্র। 

তার মতে, ইরানের ভূখণ্ড থেকে কোনো আক্রমণ চালানো হয়নি এবং এই ধরনের অভিযোগ ইরানের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্কে ফাটল ধরাতে শত্রুপক্ষের একটি পরিকল্পিত নাটক হতে পারে।বর্তমানে যুদ্ধবিরতি বা কোনো ধরনের সমঝোতার আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ মুহূর্তে এ ধরনের কোনো আলোচনা প্রাসঙ্গিক নয়। এখন ইরানের একমাত্র অগ্রাধিকার হলো মাতৃভূমি রক্ষা করা। বাঘাই জোর দিয়ে বলেন, ইরান কখনোই এই যুদ্ধ শুরু করেনি এবং তারা ইচ্ছা করে একে ডেকে আনেনি। 

তবে শত্রু পক্ষ থেকে যুদ্ধ চাপিয়ে দেওয়ার ফলে এখন নিজেদের অস্তিত্ব রক্ষায় এটি অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। তেহরান মনে করে, আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করার নেপথ্যে বাইরের শক্তির প্ররোচনা রয়েছে। ইরান নিজের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।