রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইরান আর আগের মতো শক্তিশালী নেই দাবি নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৩, ২০২৬, ১১:২২ এএম

ইরান আর আগের মতো শক্তিশালী নেই দাবি নেতানিয়াহুর

নেতানিয়াহুর সংবাদ সম্মেলন

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন যে তার দেশ বর্তমানে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরান বড় ধরনের সামরিক ও কৌশলগত ক্ষতির মুখে পড়েছে। ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে দেওয়া বক্তব্যে তিনি নিজেদের সফলতার চিত্র তুলে ধরেন। 

নেতানিয়াহু সাফ জানিয়েছেন যে ইরান আর আগের সেই অবস্থানে নেই। তার মতে গত দুই সপ্তাহ ধরে চালানো ধারাবাহিক হামলায় দেশটির শীর্ষস্থানীয় পারমাণবিক বিজ্ঞানীরা প্রাণ হারিয়েছেন এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি ও বাসিজ বাহিনীর বড় ধরনের ক্ষতি হয়েছে।

সংবাদ সম্মেলনে নেতানিয়াহু আরও বলেন যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই হামলার ফলে ইরান তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক কর্মসূচি নিরাপদ কোনো ভূগর্ভস্থ স্থানে সরিয়ে নেওয়ার নূন্যতম সুযোগটুকুও পায়নি। 

এই অভিযানগুলোর মাধ্যমে দেশটির প্রতিরক্ষা ও গবেষণা ব্যবস্থার মূলে আঘাত হানা হয়েছে বলে তিনি বিশ্বাস করেন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং হিজবুল্লাহ নেতা নাঈম কাসেমের নিরাপত্তা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে নেতানিয়াহু বেশ আক্রমণাত্মক মন্তব্য করেন। তিনি বলেন যে তিনি তাদের কারো জন্যই কোনো জীবন বীমা দেবেন না অর্থাৎ তাদের নিরাপত্তার বিষয়ে কোনো নিশ্চয়তা নেই।ইসরায়েলি প্রধানমন্ত্রীর মতে মোজতবা খামেনি মূলত রেভল্যুশনারি গার্ডের হাতের একটি পুতুল মাত্র এবং তিনি জনসমক্ষে আসতে পারছেন না। 

সম্প্রতি খামেনির একটি বক্তব্য ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে খোদ সংবাদ উপস্থাপককে পড়ে শোনাতে হয়েছে যা তার জনবিচ্ছিন্নতাকেই প্রমাণ করে বলে নেতানিয়াহু উল্লেখ করেন। অন্যদিকে হরমুজ প্রণালিতে ইরানের মাইন স্থাপনের ঘটনায় ট্রাম্প প্রশাসন বিস্ময় প্রকাশ করেছে যা পরিস্থিতির গভীরতা আরও বাড়িয়ে দিয়েছে। সামগ্রিকভাবে নেতানিয়াহু এই পরিস্থিতির জন্য ইরানকে দায়ী করে তাদের সামরিক সক্ষমতা কমে যাওয়ার বিষয়টিকেই বারবার সামনে এনেছেন।