রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

পাকিস্তানে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে নতুন তথ্য

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১৪, ২০২৬, ০৬:৫৯ পিএম

পাকিস্তানে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে নতুন তথ্য

চাঁদ দেখার অপেক্ষায় পাকিস্তান

পাকিস্তানে আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এর ফলে এ বছর দেশটিতে ৩০টি রোজা পূর্ণ হওয়ার এবং ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপনের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর আনজুম নাজির এ বিষয়ে তথ্য দিয়ে জানিয়েছেন।

ওইদিন ইসলামাবাদে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসলেও চাঁদের বয়স কম হওয়ায় সেটি দৃশ্যমান হওয়ার সুযোগ খুবই কম। বিজ্ঞানীদের মতে সাধারণত খালি চোখে বা টেলিস্কোপের সাহায্যে নতুন চাঁদ দেখার জন্য সূর্যাস্তের সময় এর বয়স অন্তত ১৪ থেকে ১৫ ঘণ্টা হওয়া প্রয়োজন। 

কিন্তু বৃহস্পতিবার পাকিস্তানি সময় অনুযায়ী সকাল ৬টা ২৩ মিনিটে নতুন চাঁদের জন্ম হলেও সূর্যাস্তের সময় এর বয়স হবে মাত্র ১২ ঘণ্টা কয়েক মিনিট। বৈজ্ঞানিক মানদণ্ডে ১২ ঘণ্টা বয়সের চাঁদ টেলিস্কোপ দিয়েও শনাক্ত করা অত্যন্ত কঠিন। ফলে ওইদিন পাকিস্তানের আকাশে চাঁদ দেখা যাওয়ার কোনো যৌক্তিক সম্ভাবনা নেই বললেই চলে।

পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পারকো একই ধরনের তথ্য প্রকাশ করেছে। তাদের পূর্বাভাস অনুযায়ী ১৯ মার্চ সূর্যাস্তের সময় শাওয়াল মাসের চাঁদের বয়স হবে আনুমানিক ১২ ঘণ্টা ৪১ মিনিট যা দৃশ্যমান হওয়ার জন্য পর্যাপ্ত নয়। সাধারণত নতুন চাঁদ ওঠার অন্তত একদিন পর সেটি স্পষ্টভাবে দেখা যায়। এই গাণিতিক হিসাবের ওপর ভিত্তি করে দেশটির আবহাওয়া ও মহাকাশ বিশেষজ্ঞরা মনে করছেন যে পাকিস্তানে এ বছর রমজান মাস ত্রিশ দিন পূর্ণ হবে। 

তবে প্রথা অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর। ওইদিন আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এই বৈজ্ঞানিক তথ্যগুলো পর্যালোচনা করে কমিটি তাদের আনুষ্ঠানিক ঘোষণা দেবে। দেশটির সাধারণ মানুষের মধ্যে ঈদের তারিখ নিয়ে আগে থেকেই জল্পনা থাকলেও আবহাওয়াবিদদের এই বার্তা সেটিকে আরও স্পষ্ট করে তুলেছে।