রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভারতের ওড়িশায় হাসপাতালের আইসিইউতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৬, ২০২৬, ১০:৪৩ এএম

ভারতের ওড়িশায় হাসপাতালের আইসিইউতে আগুন

অগ্নিকাণ্ডস্থল হাসপাতাল

ভারতের ওড়িশা রাজ্যের কটক শহরে একটি সরকারি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোররাতে লাগা এই আগুনে অন্তত ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে মৃতদের সবাই ওই ওয়ার্ডে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। অগ্নিকাণ্ডের এই ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন যাদের মধ্যে পাঁচজন রোগীর অবস্থা আশঙ্কাজনক। 

আহতদের মধ্যে হাসপাতালের কয়েকজন কর্মীও রয়েছেন যারা আগুন নিয়ন্ত্রণে এবং রোগীদের সরাতে গিয়ে দগ্ধ হয়েছেন।প্রাথমিক তদন্তে দমকল বাহিনীর ধারণা যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। 

তবে ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত কারণে অধিকাংশ রোগীর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা মনে করছেন। আগুনের তীব্রতা বাড়ার সাথে সাথেই হাসপাতাল চত্বরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে ঝুঁকিতে থাকা রোগীদের হাসপাতালের একটি নবনির্মিত নিরাপদ ভবনে স্থানান্তরিত করা হয়েছে। 

দগ্ধ রোগীদের উন্নত চিকিৎসার জন্য বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে ওড়িশা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।দুর্ঘটনার খবর পেয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি দ্রুত দুর্ঘটনাকবলিত হাসপাতালটি পরিদর্শন করেন। তিনি হতাহতদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং উদ্ধার তৎপরতার সার্বিক খোঁজখবর নেন। 

মুখ্যমন্ত্রী এই অনাকাঙ্ক্ষিত প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং প্রতিটি নিহতের পরিবারকে ২৫ লাখ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা দিয়েছেন। একই সাথে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে একটি উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্টে দায়ীদের গাফিলতি প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।