বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

আন্তর্জাতিক বাজারে আবারও লাফিয়ে বাড়ছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৪, ২০২৬, ১২:৩২ পিএম

আন্তর্জাতিক বাজারে আবারও লাফিয়ে বাড়ছে তেলের দাম

অস্থির বিশ্ব তেলের বাজার

মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। মঙ্গলবার বিশ্ববাজারে তেলের প্রধান দুটি সূচক ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই উভয়ের মূল্য প্রায় চার শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। গ্রিনিচ মান সময় অনুযায়ী মঙ্গলবার ভোরের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি চার ডলার বেড়ে ১০৩ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে। 

একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই তেলের দাম তিন দশমিক ৪৯ ডলার বৃদ্ধি পেয়ে ৯১ দশমিক ৬২ ডলারে পৌঁছেছে। তেলের এই আকস্মিক মূল্যবৃদ্ধি বিশ্ব অর্থনীতিতে নতুন করে উদ্বেগের সৃষ্টি করছে।

এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় দশ শতাংশের বেশি হ্রাস পেয়েছিল। মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে সম্ভাব্য হামলার পরিকল্পনা স্থগিত করার ঘোষণা দেওয়ার পর বাজার কিছুটা শীতল হয়েছিল। ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। 

তবে তেহরান এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়ে জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এটি বাজারকে প্রভাবিত করার একটি অপকৌশল মাত্র। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানিয়েছে যে তারা মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে এবং ট্রাম্পের বক্তব্যকে তারা পুরনো মনস্তাত্ত্বিক কৌশল হিসেবে অভিহিত করেছে।

জ্বালানি বিশ্লেষকদের মতে তেলের বাজারে এই অস্থিরতার প্রধান কারণ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। চলমান সংঘাতের ফলে এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জ্বালানি পরিবহন কার্যত স্থবির হয়ে পড়েছে। যদিও সোমবার ভারতগামী দুটি তেলবাহী জাহাজ এই প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়েছে তবে সামগ্রিক ঝুঁকি এখনো কাটেনি। 

ম্যাককোয়ারি গ্রুপের মতো আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানগুলো সতর্ক করেছে যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তেলের দাম ৮৫ থেকে ৯০ ডলারের নিচে নামার সম্ভাবনা খুবই কম। বরং সরবরাহ সংকট দীর্ঘায়িত হলে ব্রেন্ট ক্রুডের দাম এপ্রিলের শেষ নাগাদ ১৫০ ডলারেও পৌঁছাতে পারে।বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র সাময়িকভাবে রাশিয়া ও ইরানের সমুদ্রপথে পরিবাহিত তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছে যাতে বাজারে সরবরাহ বাড়ানো সম্ভব হয়। 

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার বা আইইএ নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল জানিয়েছেন যে প্রয়োজন হলে সদস্য দেশগুলোর কৌশলগত মজুত থেকে আরও তেল বাজারে ছাড়ার বিষয়ে আলোচনা চলছে। তবে বৈশ্বিক মুদ্রাস্ফীতির ওপর তেলের এই মূল্যবৃদ্ধির প্রভাব নিয়ে উদ্বেগের অন্ত নেই। হিউস্টনে আয়োজিত এক জ্বালানি সম্মেলনে তেল খাতের শীর্ষ নির্বাহী ও মন্ত্রীরা দীর্ঘমেয়াদি অর্থনৈতিক মন্দার আশঙ্কা প্রকাশ করেছেন। বিশেষজ্ঞদের মতে অন্তত আগামী মাস পর্যন্ত তেলের বাজারে এই অস্থিরতা অব্যাহত থাকতে পারে যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দেবে।