এপ্রিল ১৪, ২০২৬, ০৮:০১ পিএম
মধ্যপ্রাচ্যে চরম ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধের মধ্যেই চীন সফরে গিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেইজিং পৌঁছালে তাঁকে বর্ণাঢ্য লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। ল্যাভরভের এই সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন হরমুজ প্রণালি কেন্দ্রিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা চরম হুমকির মুখে পড়েছে, যা বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক দেশ চীনের অর্থনীতির জন্য বড় উদ্বেগের কারণ।
মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ল্যাভরভের এই সফরের মূল লক্ষ্য ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান চাপের বিরুদ্ধে যৌথ কূটনৈতিক অবস্থান তৈরি করা।
চীন ও রাশিয়া উভয় দেশই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা ও নৌ-অবরোধের কড়া সমালোচনা করেছে। বিশেষ করে, চীন ইরানি তেলের প্রধান ক্রেতা হওয়ায় এবং তাদের মোট আমদানির এক-তৃতীয়াংশ হরমুজ প্রণালি দিয়ে আসায় দেশটি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিও জিয়াকুন এক বিবৃতিতে জানিয়েছেন, হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য একটি অপরিহার্য রুট। এর নিরাপত্তা ও স্বাভাবিক জাহাজ চলাচল নিশ্চিত করা পুরো বিশ্ব সম্প্রদায়ের স্বার্থেই অত্যন্ত জরুরি। বেইজিং মনে করে, একক কোনো দেশের আগ্রাসন এই বাণিজ্যিক রুটকে অস্থিতিশীল করতে পারে না।সফরের আগে সোমবার সার্গেই ল্যাভরভ টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে কথা বলেন।
ল্যাভরভ মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাত এড়ানোর ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন এবং চলমান সংকট সমাধানে রাশিয়ার পক্ষ থেকে পূর্ণ কূটনৈতিক সহায়তার আশ্বাস দেন। মস্কোর পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে, এই সংকটের কোনো সামরিক সমাধান নেই এবং কেবল আলোচনার মাধ্যমেই শান্তি ফিরিয়ে আনা সম্ভব।
অন্যদিকে, ওয়াশিংটন ইরানের ওপর চাপ সৃষ্টির নীতি বজায় রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছেন যে, চীন যদি ইরানকে কোনো ধরনের সামরিক সহায়তা দেয়, তবে চীনা পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। তবে চীন এই অভিযোগকে ‘সম্পূর্ণ মনগড়া’ বলে উড়িয়ে দিয়েছে। ল্যাভরভের এই সফরের পাশাপাশি মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান এবং স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন, যা বর্তমান সংকটে বেইজিংয়ের সক্রিয় কূটনৈতিক তৎপরতারই প্রতিফলন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন