বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৮ জন নি‍‍`হত

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৭, ২০২৬, ১১:১১ পিএম

পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৮ জন নি‍‍`হত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি ভয়াবহ গ্যাস পাইপলাইন বিস্ফোরণে একই পরিবারের আট সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার প্রদেশের হরিপুর জেলার হাট্টার ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত ১১ জন গুরুতর আহত হয়েছেন বলে পাকিস্তান সরকার নিশ্চিত করেছে।স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানান, সুয়ি নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের পরিচালিত একটি পাইপলাইনে ছিদ্র থেকে গ্যাস বের হচ্ছিল। 

সেই গ্যাস লিক থেকেই ভয়াবহ এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নিহতরা সবাই একই পরিবারের এবং একটি বাড়িতে অবস্থান করছিলেন। মৃতদের মধ্যে তিনজন শিশু, দুইজন কিশোরী, দুইজন বৃদ্ধা এবং একজন পুরুষ রয়েছেন বলে জেলা প্রশাসনের তথ্যে জানা গেছে।

হরিপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. মুনাওয়ার আফ্রিদি জানিয়েছেন, হাসপাতালে তিনটি মরদেহ এবং পার্শ্ববর্তী আরএইচসিতে আরও পাঁচটি মরদেহ আনা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

মর্মান্তিক এই ঘটনার পরপরই অ্যাবোটাবাদ, মানসেহরা, মারদানসহ বেশ কয়েকটি জেলা থেকে উদ্ধারকারী দল ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।পাকিস্তানের জরুরি সেবামূলক সংস্থা ‘রেসকিউ ১১২২’-এর নেতৃত্বে কয়েক ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। উদ্ধার অভিযান তদারকির জন্য হরিপুরের ডেপুটি কমিশনার ওয়াসিম আহমেদ এবং ডিপিও শফিউল্লাহ গুন্ডসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সশরীরে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। 

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পুরো এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করার কথা জানানো হয়েছে।