এপ্রিল ২৭, ২০২৬, ০৩:০৭ পিএম
জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে আজ সোমবার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় ভোর প্রায় সাড়ে ৫টার দিকে আঘাত হানা এই ভূকম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ২। যদিও এই ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে শক্তিশালী এই কম্পনের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জাপানের স্থানীয় গণমাধ্যম জাপান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, জাপানের উত্তরাঞ্চলের এই দ্বীপে ভোরে শক্তিশালী কম্পন অনুভূত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ও জাপানের আবহাওয়া সংস্থাগুলো।
সাম্প্রতিক সময়ে দেশটিতে ধারাবাহিকভাবে ঘটে যাওয়া শক্তিশালী কম্পনগুলোর মধ্যে এটিই সর্বশেষ ঘটনা। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আগ্নেয় মেখলা বা ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় জাপানে প্রায়ই এমন প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে থাকে।
জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) তাদের প্রাথমিক তথ্যে জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টা ২৩ মিনিটে হোক্কাইডোর দক্ষিণাঞ্চলে এই ভূমিকম্পটি আঘাত হানে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ৮৩ কিলোমিটার। সংস্থাটি শুরুতে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ১ বললেও পরবর্তীতে তা সংশোধন করে ৬ দশমিক ২ নির্ধারণ করে। তবে স্বস্তির বিষয় হলো, শক্তিশালী এই কম্পনের পর সাগরে কোনো সুনামি সতর্কতা জারি করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে বা ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তুলনামূলক কম জনবসতিপূর্ণ এলাকায়। যার ফলে বড় ধরনের কোনো অবকাঠামোগত ক্ষয়ক্ষতি বা মানবিক বিপর্যয়ের আশঙ্কা কম রয়েছে। তবে জেএমএ কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, যেসব এলাকায় কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়েছে সেখানে পাহাড়ের পাথর ধসে পড়া বা ভূমিধসের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
জেএমএ-এর কর্মকর্তারা আরও জানিয়েছেন যে, আগামী এক সপ্তাহের মধ্যে জাপানের এই অঞ্চলে একই মাত্রার বা এর কাছাকাছি শক্তিশালী আফটারশক বা পরবতী কম্পন হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট এলাকার জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকা এবং জরুরি সতর্কবার্তাগুলো মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকার বাসিন্দাদের ঘরবাড়ি বা স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন