এপ্রিল ২৭, ২০২৬, ১০:১১ পিএম
দক্ষিণ সুদানের রাজধানী জুবার উপকণ্ঠে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে চালকসহ ১৪ আরোহীর সবাই নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার একটি সেসনা বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এতে বিমানে থাকা ১৩ জন যাত্রী এবং একজন পাইলটসহ মোট ১৪ জনের প্রাণহানি ঘটে।
প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, প্রতিকূল আবহাওয়া এবং কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে। কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুইজন কেনিয়ার নাগরিক ছিলেন এবং বাকি ১২ জন দক্ষিণ সুদানের নাগরিক।
বিমান চলাচল কর্তৃপক্ষ আরও জানায়, দুর্ঘটনাস্থলটি রাজধানী জুবা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং জরুরি সেবা কার্যক্রমে সহায়তার জন্য বিশেষজ্ঞ দলের একটি প্রতিনিধি পাঠানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনাস্থলে বিধ্বস্ত বিমানটির অবশিষ্টাংশে আগুন জ্বলছে। ভিডিও অনুযায়ী এলাকাটি পাহাড়ি এবং ঘন কুয়াশাচ্ছন্ন ছিল। ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন