এপ্রিল ২৯, ২০২৬, ০৯:৫০ এএম
যুক্তরাষ্ট্রের নতুন অবরোধের চাপে ইরান তাদের তেল উৎপাদন কমাতে বাধ্য হতে পারে বলে দাবি করেছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য জানান। বেসেন্ট বলেন, ‘ইকোনমিক ফিউরি’ কর্মসূচির আওতায় ইরানের অর্থনৈতিক নেটওয়ার্কের ওপর চাপ বাড়ানো হয়েছে।
মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের আন্তর্জাতিক ছায়া ব্যাংকিং ব্যবস্থা, ক্রিপ্টোকারেন্সি এবং তেল পরিবহনে ব্যবহৃত ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরকে লক্ষ্য করে এই পদক্ষেপ নিয়েছে।
বেসেন্টের দাবি অনুযায়ী, এসব উদ্যোগের ফলে ইরান সরকারের আয়ের প্রধান উৎসে আঘাত লেগেছে। এতে কয়েক বিলিয়ন ডলারের রাজস্ব ব্যাহত হওয়ার পাশাপাশি দেশটিতে মুদ্রাস্ফীতি বাড়ছে এবং মুদ্রার মান দ্রুত অবমূল্যায়িত হচ্ছে।
ইরানের তেলের বাজারে মার্কিন অবরোধের প্রভাব প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে দেশটির বন্দরগুলোতে তেল সংরক্ষণের সক্ষমতা প্রায় শেষের পথে। বিশেষ করে খারগ দ্বীপে তেলের মজুদ রাখার জায়গা পূর্ণ হয়ে আসায় তেহরানকে এখন বাধ্য হয়েই উৎপাদন কমিয়ে আনতে হতে পারে।বেসেন্ট উল্লেখ করেন, এই পরিস্থিতির কারণে ইরানের প্রতিদিন প্রায় ১৭০ মিলিয়ন ডলার রাজস্ব ক্ষতি হচ্ছে।
একই সঙ্গে দেশটির তেল অবকাঠামো দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগ অস্ত্র সংগ্রহের নেটওয়ার্কগুলোতেও লক্ষ্যভিত্তিক পদক্ষেপ নিয়েছে বলে তিনি জানান।আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বন্দর ও তেল বাণিজ্যের ওপর যুক্তরাষ্ট্রের এই ধারাবাহিক অবরোধ দেশটির অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। তবে এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন