এপ্রিল ২৯, ২০২৬, ১০:২৮ পিএম
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষে বুথফেরত জরিপের (এক্সিট পোল) প্রাথমিক ফলাফল প্রকাশ শুরু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) প্রকাশিত অধিকাংশ জরিপেই ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আভাস দিয়েছে। ২৯৪ আসনের বিধানসভায় সরকার গড়তে প্রয়োজন ১৪৮টি আসন।পি-মার্কের জরিপে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে এবার বিজেপি ১৫০ থেকে ১৭৫টি আসনে জয়ী হতে পারে।
অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পেতে পারে ১১৮ থেকে ১৩৮টি আসন। এই জরিপ অনুযায়ী ভারতীয় জাতীয় কংগ্রেসের ঝুলিতে ২ থেকে ৬টি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে। মজার বিষয় হলো, এই সমীক্ষায় অন্যদের কোনো আসনই দেওয়া হয়নি।
ম্যাট্টিজসহ আরও কয়েকটি সংস্থার জরিপেও একই ধরনের প্রবণতা দেখা গেছে। জরিপ সংস্থাগুলোর তথ্যমতে, রাজ্যে এবার বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে বুথফেরত জরিপের এই ফলই চূড়ান্ত নয়। আগামী ৪ মে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবে ভারতের নির্বাচন কমিশন।
পর্যবেক্ষক সংস্থাগুলো সাধারণত ভোটের মাঠের পরিস্থিতি এবং ভোটারদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই সম্ভাব্য ফল তৈরি করে থাকে। পি-মার্কের জরিপে বিজেপিকে স্পষ্টভাবে তৃণমূলের চেয়ে এগিয়ে রাখা হয়েছে।
পশ্চিমবঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে চলা দীর্ঘ নির্বাচনী প্রক্রিয়ার পর আজ বুথফেরত সমীক্ষার এই তথ্য সামনে এল। রাজনৈতিক বিশ্লেষকরা এখন ৪ মে’র চূড়ান্ত ফলাফলের দিকে তাকিয়ে আছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন