এপ্রিল ৩০, ২০২৬, ১১:২২ এএম
ইরান খুব শিগগিরই নতুন এবং শক্তিশালী একটি অস্ত্র উন্মোচন করতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি। বুধবার দেওয়া এক বক্তব্যে তিনি দাবি করেন, এই অস্ত্রটি উন্মোচন করা হলে তা শত্রুপক্ষের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেসটিভি শাহরাম ইরানির এই বক্তব্যের তথ্য প্রকাশ করেছে।
নৌবাহিনীর এই কমান্ডার ইঙ্গিত দিয়েছেন যে, নতুন এই অস্ত্রটি বর্তমানে শত্রুপক্ষের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। তিনি বলেন, অতি দ্রুত আমরা এমন একটি অস্ত্র সামনে আনব যাকে শত্রুরা গভীরভাবে ভয় পায়। কমান্ডার শাহরাম ইরানি আরও দাবি করেন, ইরানের বিরুদ্ধে চালানো সাম্প্রতিক হামলায় শত্রুপক্ষ দ্রুত সাফল্য পাবে বলে যে ধারণা করেছিল, তা এখন সামরিক মহলে হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে।
নৌবাহিনী প্রধানের ভাষ্য অনুযায়ী, ইরানের নৌবাহিনী পাল্টা অভিযানে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর ফলে নির্দিষ্ট সময়ের জন্য ওই রণতরী থেকে বিমান উড্ডয়ন ও আকাশ অভিযান পরিচালনা ব্যাহত হয়েছে বলে তিনি দাবি করেন।
ইরানি এই কমান্ডারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর দেশটির সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে এ পর্যন্ত শতাধিক পাল্টা হামলা চালিয়েছে। তবে তেহরানের পক্ষ থেকে আসা এসব সুনির্দিষ্ট দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন