এপ্রিল ৩০, ২০২৬, ০৮:৩৮ পিএম
দক্ষিণ লেবাননে ইসরায়েলের ২০ লক্ষ ডলার মূল্যের একটি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলি হার্মিস ৪৫০জেড মডেলের ড্রোনটি নাবাতিয়েহ অঞ্চলে ধ্বংস করা হয়েছে।
হার্মিস ৪৫০জেড ড্রোন মূলত ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানি এলবিট সিস্টেমস দ্বারা তৈরি একটি অত্যন্ত উন্নত এবং কৌশলগত আকাশযান। এটি হার্মিস ৪৫০ সিরিজের একটি আধুনিক সংস্করণ, যা মূলত নজরদারি এবং যুদ্ধের ময়দানে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয়। এই ড্রোনটি টানা ২০ ঘণ্টারও বেশি সময় আকাশে উড়তে সক্ষম।
এদিকে গত বুধবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর পাঁচ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এর আগে মাজদাল জউন শহরে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন উদ্ধারকর্মী ও একজন লেবানিজ সেনাসদস্য রয়েছেন বলে জানা গেছে। এই হামলার পর লেবাননজুড়ে নিন্দার ঝড় উঠেছে।
চলতি এপ্রিলের মাঝামাঝি ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল ক্রমাগত দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই হামলায় এ পর্যন্ত অন্তত ২ হাজার ৫৩৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৭ হাজার ৮৬৩ জন। ড্রোন ভূপাতিত করার এই ঘটনায় ওই অঞ্চলে সামরিক উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন