রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

তামিল রাজনীতিতে নতুন ইতিহাস গড়ছেন সুপারস্টার বিজয়

আন্তর্জাতিক ডেস্ক

মে ২, ২০২৬, ০৩:০৩ পিএম

তামিল রাজনীতিতে নতুন ইতিহাস গড়ছেন সুপারস্টার বিজয়

রাজনীতিতে সুপারস্টার বিজয়

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের বুথফেরত জরিপ বা এক্সিট পোল অনুযায়ী, দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার বিজয় এবং তাঁর নবগঠিত দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে) নতুন ইতিহাস গড়তে যাচ্ছে। রাজনীতির ময়দানে নতুন পা রাখা বিজয়ের এই দল বিপুল জনসমর্থন পাওয়ার মাধ্যমে বড় ব্যবধানে জয়ী হতে পারে বলে আভাস দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিভিন্ন সংস্থার বুথফেরত জরিপে দেখা গেছে, বিজয়ের দল দুই অঙ্কের ভোট পেতে পারে। তবে ‘অ্যাক্সিস-মাই ইন্ডিয়া’র জরিপে বিজয়ের দলকে ১২০টি আসন পর্যন্ত দেওয়া হয়েছে। তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সাধারণ সংখ্যাগরিষ্ঠতার জন্য এই আসন সংখ্যা যথেষ্ট। এর ফলে বিজয়ের প্রথম নির্বাচনেই সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে।

রাজনীতিতে বিজয়ের এই আকস্মিক উত্থানকে এনটিআর, এমজিআর বা জয়ললিতার মতো তারকাদের সঙ্গে তুলনা করা হলেও বিশ্লেষকরা এর কিছু মৌলিক পার্থক্য দেখছেন। অন্ধ্রপ্রদেশে এনটিআর যখন জয়ী হয়েছিলেন, তখন কংগ্রেস বিরোধী হাওয়া ও তেলেগু আবেগের একটি বড় ভূমিকা ছিল। 

আবার এমজিআর বা জয়ললিতা সরাসরি ক্ষমতায় আসার আগে দীর্ঘ সময় সক্রিয় রাজনীতি ও দলীয় সাংগঠনিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। বিজয়ের ক্ষেত্রে এমন কোনো দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা নেই।বিজয়ের এই লড়াই মূলত তামিলনাড়ুর দুই প্রতিষ্ঠিত আঞ্চলিক দলের বিরুদ্ধে একটি ত্রিপক্ষীয় লড়াই। বিশ্লেষকদের মতে, বিজয় কোনো প্রতিষ্ঠিত জোট ছাড়াই নির্বাচনে লড়ছেন এবং তাঁর প্রধান শক্তি হচ্ছে ‘জেন-জি’ প্রজন্ম বা তরুণ ভোটাররা। রাজনীতিতে কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকলেও সামাজিক মাধ্যম এবং তাঁর সিনেমাটিক জনপ্রিয়তা একটি বড় গণজোয়ার সৃষ্টি করেছে।

রজনীকান্তের মতো তারকারা যখন রাজনীতিতে আসার ঘোষণা দিয়েছিলেন, তখন তাঁরা তাঁদের ক্যারিয়ারের শেষ পর্যায়ে ছিলেন। অন্যদিকে বিজয় বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এবং তরুণ বয়সেই এই পদক্ষেপ নিয়েছেন। যদি তিনি বিশাল ভোটের ব্যবধানে জয়ী হন, তবে তা হবে তামিল রাজনীতির ইতিহাসে এক অভূতপূর্ব ‘জেন-জি’ মুহূর্ত। আর যদি প্রয়োজনীয় আসন না-ও পান, তবুও প্রাপ্ত বড় অঙ্কের ভোট প্রমাণ করবে যে তামিলনাড়ুর মানুষ বিকল্প কোনো পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। বর্তমানে বুথফেরত জরিপের এই পূর্বাভাসের পর তামিলনাড়ুর প্রকৃত নির্বাচনী ফলাফলের জন্য অপেক্ষা করছেন সংশ্লিষ্টরা।