মে ২, ২০২৬, ০৯:২৬ পিএম
শান্তিতে নোবেলজয়ী ইরানি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কারাবন্দী অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জরুরি ভিত্তিতে ইরানের জানজান শহরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শনিবার (২ মে) তাঁর পরিবারের পরিচালিত একটি ফাউন্ডেশন এই তথ্য নিশ্চিত করেছে।
নার্গিস মোহাম্মদি ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার তাঁকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়। তিনি দুবার জ্ঞান হারিয়েছেন এবং তাঁর হার্টে মারাত্মক জটিলতা দেখা দিয়েছে। কারাগারের চিকিৎসকেরা সেখানে তাঁর চিকিৎসা করা সম্ভব নয় জানালে তাঁকে জানজান শহরের ওই হাসপাতালে স্থানান্তর করা হয়।
নরওয়েজীয় নোবেল কমিটির সচিব নার্গিস মোহাম্মদির অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গত বৃহস্পতিবার এক বার্তায় তিনি জানান, কারাগারে হার্ট অ্যাটাকের পর এই মানবাধিকারকর্মীর শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছে।
এর আগে তিনবার এনজিওপ্লাস্টি করা এই অধিকারকর্মীর জীবন এখন হুমকির মুখে বলে তাঁর পরিবার দাবি করেছে।পরিবারের তথ্য অনুযায়ী, গত শুক্রবার সকালে কয়েক দিন ধরে উচ্চ রক্তচাপ ও তীব্র বমি বমি ভাব থাকার পর নার্গিস মোহাম্মদি মূর্ছা যান। কয়েক দফা বমি করার পর তিনি জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে দ্রুত কারাগারের মেডিকেল ইউনিটে নিয়ে স্যালাইন দেওয়া হয়। তাঁর পরিবার অবিলম্বে তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ তুলে নেওয়ার এবং শান্তিপূর্ণ মানবাধিকার কর্মকাণ্ডের জন্য দেওয়া সব সাজা নিঃশর্তভাবে বাতিলের দাবি জানিয়েছে।
ইরানে নারীদের অধিকার রক্ষা এবং মৃত্যুদণ্ড বাতিলের দাবিতে আন্দোলনের জন্য কারাবন্দী থাকা অবস্থায় ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ৫০ বছর বয়সী নার্গিস মোহাম্মদি। বর্তমানে তিনি তেহরানের এভিন কারাগারে বন্দী ছিলেন। ফাউন্ডেশন গত ফেব্রুয়ারিতে জানিয়েছিল, নার্গিস মোহাম্মদিকে নতুন করে আরও সাড়ে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আইনজীবী খসরু আলিকোর্ডির মৃত্যুর প্রতিবাদ করার অভিযোগে গত ডিসেম্বরে নার্গিস মোহাম্মদিকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রসিকিউটরদের দাবি অনুযায়ী, তিনি উসকানিমূলক বক্তব্য দিয়ে শান্তি বিঘ্নিত করতে উৎসাহিত করেছিলেন। নার্গিস মোহাম্মদির অসুস্থতার খবর প্রকাশের পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তাঁর নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবি জানিয়ে আসছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন