বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

পশ্চিমবঙ্গে বিজেপি অনেকটাই এগিয়ে, ভোট গণনা চলছে

আন্তর্জাতিক ডেস্ক

মে ৪, ২০২৬, ১০:০০ এএম

পশ্চিমবঙ্গে বিজেপি অনেকটাই এগিয়ে, ভোট গণনা চলছে

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি অনেকটা এগিয়ে রয়েছে। প্রাথমিক ফলাফল অনুযায়ী পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৩টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ৭১টিতে এবং তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৪৭টি আসনে।

আজ সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) নির্ধারিত ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা শুরু হয়। আনন্দবাজার ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, প্রথমে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালটের ভোট। এরপর ধাপে ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়া ভোট গণনা করা হবে।

পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের আরও কয়েকটি রাজ্যে ভোট গণনা চলছে। তামিলনাড়ুতে ৩২ আসনে এগিয়ে আছে ডিএমকে। সেখানে এনডিএ এগিয়ে আছে ২ আসনে। কেরালায় ইউডিএফ ও এলডিএফ জোট এগিয়ে রয়েছে ৩৮টি আসনে এবং এনডিএ এগিয়ে আছে ৪টি আসনে। 

অন্যদিকে আসামে এনডিএ ১২টি আসনে এগিয়ে আছে বলে জানা গেছে।নির্বাচন কমিশনের তথ্যমতে, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ করা হয়েছিল। তবে অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করায় আজ ২৯৩টি আসনে ভোট গণনা চলছে। কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত বিশেষ গণনা কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত বিভিন্ন এলাকায় প্রাথমিক গণনায় বিজেপির প্রার্থীরা এগিয়ে থাকায় রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। তবে পূর্ণাঙ্গ ফলাফল পেতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।