রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৫২ আসনে, তৃণমূল ১০৬ আসনে

আন্তর্জাতিক ডেস্ক

মে ৪, ২০২৬, ১০:১৭ এএম

পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৫২ আসনে, তৃণমূল ১০৬ আসনে

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে বিজেপি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৫২টি আসনে বিজেপি এবং ১০৬টি আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। সোমবার (৪ মে) সকাল ৮টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজ্যের ৭৭টি কেন্দ্রে এই ভোট গণনা শুরু হয়।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী

ভোট গণনার শুরুতেই পোস্টাল ব্যালট গোনা হচ্ছে। এরপর ধাপে ধাপে ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিনের ভোট গণনা করা হবে। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারের তথ্য অনুযায়ী, প্রথম সোয়া ঘণ্টার গণনায় তৃণমূল কংগ্রেস ১০৩টিতে এবং বিজেপি ১০৫টিতে এগিয়ে আছে। 

রাজ্যটির মোট ২৯৪টি আসনের মধ্যে আজ ২৯৩টি আসনের ফলাফল ঘোষিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ফলতা আসনে নতুন করে ভোটগ্রহণের তারিখ ২১ মে নির্ধারণ করা হয়েছে।

রাজ্যের মোট ৭৭টি গণনাকেন্দ্রের ৪৫৮টি হলে ভোট গণনা করা হচ্ছে। সবচেয়ে বেশি ২৭ রাউন্ড ইভিএম গণনা হবে চুঁচুড়ায়। আর মেটিয়াবুরুজ, সপ্তগ্রাম এবং বীজপুরে সবচেয়ে কম ১০ রাউন্ড করে গণনা হবে। গণনার জন্য মোট ২৯৩ জন গণনা পর্যবেক্ষক, ১৬৫ জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক দায়িত্ব পালন করছেন।প্রতিটি গণনা কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। 

কেন্দ্রের বাইরে ১০০ মিটার এলাকায় কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং কক্ষের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। পশ্চিমবঙ্গে এবার মোট দুটি দফায় ভোটগ্রহণ হয়েছে। গত ২৩ এপ্রিল প্রথম দফায় ৯৩ দশমিক ১৯ শতাংশ এবং ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ৯২ দশমিক ৬৭ শতাংশ ভোট পড়ে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৮ আসন। নির্বাচন শেষে প্রকাশিত বুথফেরত সমীক্ষায় দুই ধরনের পূর্বাভাস পাওয়া গিয়েছিল। বেশিরভাগ জরিপে বিজেপিকে এগিয়ে রাখা হলেও পিপলস পালস ও জনমত নামের দুটি সংস্থা তৃণমূলের জয়ের পূর্বাভাস দিয়েছিল। পিপলস পালসের হিসাবে তৃণমূল ১৭৭ থেকে ১৮৭ আসন এবং বিজেপি ৯৫ থেকে ১১০ আসন পেতে পারে বলে জানানো হয়েছিল। অন্যদিকে জনমতের পূর্বাভাস অনুযায়ী, তৃণমূল ১৯৫ থেকে ২০৫ আসন পেতে পারে।