মে ৪, ২০২৬, ১১:২৩ এএম
ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় চমক দেখাচ্ছে জনপ্রিয় অভিনেতা জোসেফ বিজয়ের (থালাপতি বিজয়) রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাড়ঘম (টিভিকে)। সোমবার (৪ মে) ভোট গণনার প্রাথমিক প্রবণতায় বিজয়ের দল প্রায় ১০০টি আসনে এগিয়ে থেকে বাজিমাত করার ইঙ্গিত দিচ্ছে।
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, ভোট গণনার শুরু থেকে এখন পর্যন্ত থালাপতি বিজয়ের দল টিভিকে প্রায় ১০০টি আসনে এগিয়ে রয়েছে। বিজয়ের দলের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে এআইএডিএমকে। তারা এগিয়ে আছে ৭৫টি আসনে। অন্যদিকে বর্তমানে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে প্রায় ৫০টি আসনে এগিয়ে থেকে তৃতীয় অবস্থানে রয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, ভোট গণনায় বিজয়ের দল টিভিকে ৮৯টি আসনে এগিয়ে আছে। এর বিপরীতে ৭৩টি আসনে এগিয়ে আছে এআইএডিএমকে। তামিলনাড়ুতে বিধানসভার মোট আসন রয়েছে ২৩৪টি। নিয়ম অনুযায়ী যেকোনো দলকে সরকার গঠন করতে হলে অন্তত ১১৮টি আসনে জয়লাভ করতে হবে।
উল্লেখ্য, ২০২৪ সালে অভিনয় জগতের ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় রাজনীতিতে নামার ঘোষণা দেন জোসেফ বিজয়। এরপর তিনি নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাড়ঘম প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার মাত্র দুই বছরের মাথায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেই তাঁর দল সরকার গঠনের কাছাকাছি পৌঁছে গেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তবে এখনো চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি। নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি প্রাথমিক প্রবণতা এবং যেকোনো সময় এই ফলাফলের চিত্র বদলে যেতে পারে। তামিলনাড়ুর জনগণ শেষ পর্যন্ত কার হাতে ক্ষমতা তুলে দেন, তা জানতে চূড়ান্ত ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন