মে ৫, ২০২৬, ১০:১২ এএম
পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়া পরিচালিত একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জাহাজটি বন্দরে নেওয়ার পর অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা হবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাল্ক ক্যারিয়ারটির ইঞ্জিন রুমে প্রথম আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের সময় জাহাজটিতে মোট ২৪ জন ক্রু ছিলেন। এদের মধ্যে ১৮ জন বিদেশি এবং ছয়জন দক্ষিণ কোরিয়ার নাগরিক।
সংযুক্ত আরব আমিরাতের কাছাকাছি হরমুজ প্রণালির পানিসীমায় নোঙর করা অবস্থায় জাহাজটিতে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ।
জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান এইচএমএমের একজন কর্মী ইয়োনহাপকে জানান, এটি কোনো বাহ্যিক হামলা নাকি জাহাজের অভ্যন্তরীণ কোনো সমস্যার কারণে ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। আগামী কয়েক দিনের মধ্যে জাহাজটিকে টাগবোটের সাহায্যে দুবাইয়ে নিয়ে যাওয়া হবে। ক্ষয়ক্ষতি মূল্যায়নের পর দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দাবি করেছেন, ইরান ওই জাহাজটিতে গুলি চালিয়েছে। তবে এইচএমএম কর্তৃপক্ষ এখনো এ ধরনের কোনো হামলার তথ্য নিশ্চিত করেনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন