মে ৫, ২০২৬, ০৪:৪৪ পিএম
কলম্বিয়ার মধ্যাঞ্চলে একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৯ জন শ্রমিক নিহত হয়েছেন। সোমবারের এই দুর্ঘটনায় আরও ৬ জন শ্রমিক আহত হয়েছেন বলে দেশটির খনি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।ন্যাশনাল মাইনিং এজেন্সি এক বিবৃতিতে জানায়, রাজধানী বোগোতা থেকে প্রায় ৭২ কিলোমিটার উত্তরে সুতাতাউসা পৌর এলাকায় অবস্থিত একটি বৈধ খনিতে এই বিস্ফোরণ ঘটে।
খনি কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, খনির ভেতরে মিথেন গ্যাস জমে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।কুন্দিনামার্কার গভর্নর জর্জ এমিলিও রে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বিস্ফোরণের সময় ১২ জন শ্রমিক খনির ভেতরে আটকা পড়েছিলেন। তাদের মধ্যে তিনজন নিজেরাই খনি থেকে বের হতে সক্ষম হন।
পরবর্তীতে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে ছয়জনকে জীবিত উদ্ধার করেন। তবে বাকি নয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, উদ্ধার কার্যক্রম শুরুর আগে খনির ভেতরের গ্যাসের মাত্রা পরীক্ষা করা হচ্ছিল যাতে নতুন কোনো দুর্ঘটনা না ঘটে।
কলম্বিয়ায় খনি দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। বিশেষ করে খনির ভেতরে পর্যাপ্ত বায়ু চলাচলের অভাব এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে এমন প্রাণঘাতী ঘটনা ঘটে।সংশ্লিষ্ট এলাকায় বেশ কিছু বৈধ খনির পাশাপাশি অনেক অবৈধ খনিও রয়েছে, যেখানে নিরাপত্তা নিয়মগুলো যথাযথভাবে মানা হয় না। স্থানীয় প্রশাসন এই ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে। মৃত শ্রমিকদের মরদেহ উদ্ধারের পর শনাক্তকরণ প্রক্রিয়ার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে খনিটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন