মে ২৩, ২০২৬, ১২:৫০ পিএম
উত্তর চীনে খনি দুর্ঘটনায় ৯০ জন শ্রমিকের নির্মম মৃত্যু হয়েছে এবং খনির ভেতরে এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন। এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটিকে দেশটির সবচেয়ে মারাত্মক খনি দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, শানসি প্রদেশের ওই দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান এখনো সক্রিয় রয়েছে।নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।
সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনির ভেতরে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় কার্বন মনোক্সাইডের মাত্রা বিপজ্জনকভাবে নির্ধারিত সীমা অতিক্রম করে।
গ্যাস সিলিন্ডার বা সঞ্চিত গ্যাস থেকে তৈরি হওয়া এই বিষাক্ত রাসায়নিকের প্রভাবেই মূলত খনির ভেতরে বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে। ওই সময় মাটির নিচে খনির ভেতরে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। পরবর্তীতে শনিবার সকাল পর্যন্ত অন্তত ২০১ জন শ্রমিককে জীবিত ও নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া নিশ্চিত করেছে।
এখনো খনির ভেতর অন্তত নয়জন শ্রমিক সম্পূর্ণ নিখোঁজ রয়েছেন।তাদের সন্ধানে বিশেষ উদ্ধারকারী দল সুড়ঙ্গের ভেতরে তল্লাশি কার্যক্রম অব্যাহত রেখেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার অভিযানকে সর্বাত্মকভাবে চালানোর কড়া নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি এই গাফিলতির সঙ্গে জড়িত দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
তথ্যসূত্র: সিএনএন

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন