মে ৫, ২০২৬, ০৬:১৩ পিএম
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পদত্যাগের জল্পনা উড়িয়ে দিয়ে কড়া অবস্থান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, পদত্যাগ করার কোনো প্রশ্নই ওঠে না।এদিন কালীঘাটের বাসভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ওব্রায়েন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, পশ্চিমবঙ্গের ২৯৩টি আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে ৮০টি আসনে। এই ফলাফলের পর থেকেই মমতার ইস্তফা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়।
সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। ইস্তফা দেওয়ার প্রশ্নই ওঠে না। এতদিন আমি চেয়ারে ছিলাম, অনেক কিছু সহ্য করেছি। কিন্তু এখন আমি মুক্ত বিহঙ্গ সাধারণ মানুষ। আর সহ্য করব না। সব অত্যাচারের বিরুদ্ধে লড়াই করব।নির্বাচনী ফলাফল এবং পরবর্তী রাজনৈতিক কৌশল নিয়ে মমতা বলেন, আমি রাস্তার লোক, রাস্তায় ছিলাম, রাস্তায় থাকব। হার বা পরাজয়ের গ্লানি নয় বরং রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তাই দিয়েছেন তিনি।
তৃণমূল নেত্রীর এই বক্তব্যের সময় পাশে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ অন্যান্য নেতারা দলীয় সংহতির বার্তা দেন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এই ফলাফল বড় পরিবর্তন হিসেবে দেখা দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। সংবাদ সম্মেলন শেষে তিনি সমর্থকদের শান্ত থাকার এবং নতুন করে সংগঠনের কাজে মনোনিবেশ করার আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন