সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ইরানে শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে ৮ জনের মৃ‍‍`ত্যু

আন্তর্জাতিক ডেস্ক

মে ৬, ২০২৬, ১১:৩১ এএম

ইরানে শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে ৮ জনের মৃ‍‍`ত্যু

ইরানের তেহরান থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে একটি শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৬ জন। মঙ্গলবার (৫ মে) বিকেলে তেহরানের আন্দিশেহ শহরের আরঘাভান শপিং সেন্টারে এই দুর্ঘটনা ঘটে।

ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) আন্দিশেহ শহরের দমকল বিভাগের প্রধান আলি পাইদারানের বরাত দিয়ে জানায়, ভবনটিতে ২৫০টিরও বেশি বাণিজ্যিক ইউনিট ছিল। মঙ্গলবার বিকেলে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়। তবে উদ্ধার কাজ শুরু করার আগেই আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

দমকল বিভাগ জানিয়েছে, ভবনটির বাইরের অংশে ব্যবহৃত ডেকোরেশন ও নির্মাণ সামগ্রীতে প্রচুর দাহ্য উপকরণ ছিল। এসব দাহ্য উপকরণের কারণেই আগুন মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

এই দুর্ঘটনায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত ৩৬ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অগ্নিকাণ্ডের সময় ভবনটির ভেতরে থাকা মানুষজন আতঙ্কিত হয়ে বের হতে গিয়েও অনেকে আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।এই ঘটনার পর প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। অগ্নিকাণ্ডের পেছনে কোনো অবহেলা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

একই সঙ্গে এই ঘটনায় দোষী ব্যক্তিদের এবং সংশ্লিষ্ট সম্পত্তি উন্নয়নকারী সংস্থাকে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের আদেশ জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। শপিং সেন্টারটির নিরাপত্তা ব্যবস্থা ও অগ্নিনির্বাপক সরঞ্জামের পর্যাপ্ততা নিয়েও প্রশ্ন উঠেছে। বর্তমানে ভবনটি সিলগালা করে তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে।