মে ৬, ২০২৬, ১২:০৮ পিএম
ভারতের পাঞ্জাবে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সদর দপ্তরের বাইরে একটি স্কুটারে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে) রাত প্রায় ৮টার দিকে জালন্ধরে বিএসএফের পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দপ্তরের ঠিক বাইরে এই বিস্ফোরণ ঘটে। এতে স্কুটার মালিক গুরপ্রীত সিং আহত হয়েছেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, উচ্চ নিরাপত্তাবেষ্টিত এই ঘাঁটির বাইরে একটি পার্ক করে রাখা স্কুটারে হঠাৎ বিস্ফোরণ হয় এবং মুহূর্তেই আগুন ধরে যায়। বিস্ফোরণের শব্দ প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত শোনা গেছে।
এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।আহত যুবক গুরপ্রীত সিং একটি কুরিয়ার প্রতিষ্ঠানে কাজ করেন। তার বাবা কাশ্মীর সিং আগে বিএসএফে কাজ করতেন।
কাশ্মীর সিং জানান, গুরপ্রীত শুধু বিএসএফ ও সেনাবাহিনীতে পার্সেল পৌঁছে দেয়। স্কুটার থেকে নামার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে। গুরপ্রীতের দাবি, কেউ তার স্কুটারে কিছু ছুড়ে মেরেছে। পুলিশ বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।জালন্ধরের পুলিশ কমিশনার ধনপ্রীত কৌর বলেন, বিস্ফোরণের প্রকৃতি কী ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। রাত প্রায় ৮টার দিকে একটি অ্যাকটিভা স্কুটারে আগুন ধরে যায়। আমরা সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করছি।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের তীব্রতা বেশি ছিল এবং সেটি নিয়ন্ত্রণে একাধিক পানিবাহী ইউনিট ব্যবহার করতে হয়েছে।এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ নিরাপত্তাসম্পন্ন এই এলাকায় বিস্ফোরণের ঘটনায় পুরো সদর দপ্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নিশ্চিত হতে চাইছে এটি কোনো যান্ত্রিক ত্রুটি নাকি বাহ্যিক কোনো নাশকতামূলক হস্তক্ষেপ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গুরপ্রীত ডেলিভারি দেওয়ার অংশ হিসেবে বিএসএফ এলাকায় প্রবেশ করেছিলেন এবং ফিরে আসার কিছুক্ষণের মধ্যেই এই ঘটনা ঘটে। পরিবারের দাবি, তার বিরুদ্ধে সন্দেহজনক কোনো তথ্য নেই। এই ঘটনার পর পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো। বর্তমানে ঘটনাস্থল ঘিরে রেখে আলামত সংগ্রহ করছে ফরেনসিক দল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন