মে ৬, ২০২৬, ০৫:২২ পিএম
আগামী ৯ মে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য বুধবার (৬ মে) এই ঘোষণা দিয়েছেন।রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের জন্য নবান্নে গিয়েছিলেন শমিক ভট্টাচার্য।
সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আগামী শনিবার সকাল ১০টায় ব্রিগেডে এই শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।রাজনৈতিক মহলে ২৫ বৈশাখ (৯ মে) তারিখটিকে ঘিরে আগে থেকেই জল্পনা চলছিল। শমিক ভট্টাচার্যের ঘোষণার মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটল।
তবে এই অনুষ্ঠান ঘিরে সবচেয়ে বড় চমক হচ্ছে এর স্থান নির্বাচন। এর আগে পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়নি, যা একটি নজিরবিহীন ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
এদিকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখনও জোর আলোচনা চলছে। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা না করা হলেও শপথ অনুষ্ঠানের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।শপথ অনুষ্ঠানের পাশাপাশি সরকার পরিচালনার কেন্দ্র নিয়েও নতুন গুঞ্জন শোনা যাচ্ছে।
নবান্নের পরিবর্তে মহাকরণ থেকেই নতুন সরকার তাদের প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে বলে আলোচনা চলছে। দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের রাজনীতির নানা উত্থান-পতনের সাক্ষী এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। এবার সেই প্রাঙ্গণেই নতুন এক প্রশাসনিক অধ্যায় শুরু হতে যাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন