মে ১০, ২০২৬, ১০:৩৪ এএম
শপথ নিয়েই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করেছেন পশ্চিমবঙ্গের নতুন বিজেপি মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শনিবার নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার পর তিনি বলেন, তৃণমূলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবীর আসনে বসিয়েছিলেন, কিন্তু সাম্প্রতিক নির্বাচনের ফল প্রমাণ করেছে যে তিনি কোনো ঐশ্বরিক সত্তা নন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, অগ্নিমিত্রা পাল মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতোমধ্যেই তাঁর কৃতকর্মের জবাব পেয়ে গেছেন। তিনি উল্লেখ করেন, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বা তাঁর পরিবারের সদস্যরা অনেক কথা বললেও বাংলার মানুষ তাঁদের নিজস্ব রায় দিয়েছেন।
অগ্নিমিত্রার মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝা উচিত যে তিনি ভারতের সংবিধান বা আইনের ঊর্ধ্বে নন।অগ্নিমিত্রা পাল বলেন, তৃণমূলের সহকর্মী ও এমপিরা মমতাকে খুশি করতে তাঁকে মা সারদার সঙ্গে তুলনা করতেন।
তবে তাঁর মতে, মা সারদা হলেন দেবী এবং মমতা বন্দ্যোপাধ্যায় কখনো এই ধরনের তুলনা বন্ধ করার চেষ্টা করেননি। পশ্চিমবঙ্গের মানুষ ভোটের মাধ্যমে সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন বলে তিনি মন্তব্য করেন।শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিজেপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিন অগ্নিমিত্রা পাল ছাড়াও দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, খুদিরাম টুডু এবং অশোক কীর্তনিয়া মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বিজেপির পক্ষ থেকে কেন একজন নারীকে মুখ্যমন্ত্রী করা হলো না—এমন প্রশ্নের জবাবে অগ্নিমিত্রা পাল শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, এটি দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত। শুভেন্দু অধিকারীর দীর্ঘ ৩০ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা এবং বিধানসভার ভেতরে ও বাইরে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতার কারণেই তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন সরকারের অগ্রাধিকার প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন, তাঁদের প্রথম কাজ হবে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। তিনি অভিযোগ করেন যে আগের সরকার পুলিশ প্রশাসনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে, যা বন্ধ করা জরুরি। দ্বিতীয়ত, অবকাঠামোগত উন্নয়ন বিশেষ করে রাস্তা, পানি ও শৌচাগারের সুবিধা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। এ ছাড়া কর্মসংস্থান সৃষ্টি করে ভিনরাজ্যে চলে যাওয়া তরুণদের ফিরিয়ে আনাকে অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করেন এই নতুন মন্ত্রী।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন