বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

মমতার দলের বিরোধীদলীয় নেতা কে? নাম ঘোষণা তৃণমূলের

আন্তর্জাতিক ডেস্ক

মে ১০, ২০২৬, ১১:৩৫ এএম

মমতার দলের বিরোধীদলীয় নেতা কে? নাম ঘোষণা তৃণমূলের

তৃণমূলের নতুন বিরোধী নেতা।

ভারতের পশ্চিমবঙ্গে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদল হয়েছে। রাজ্য বিধানসভায় ক্ষমতাসীন দল থেকে বিরোধী দলের ভূমিকায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। দলটির পক্ষ থেকে বিধানসভার বিরোধীদলীয় নেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার (৯ মে) রাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। বিরোধী দলের নেতৃত্বে শোভনদেব চট্টোপাধ্যায়ের পাশাপাশি চিফ হুইপ হিসেবে ফিরহাদ হাকিমের নাম জানানো হয়েছে। এছাড়া অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি লিডার হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এর আগে শনিবার সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে তাঁর সঙ্গে আরও পাঁচজন মন্ত্রী শপথ নেন। ২০২১ সাল থেকে শুভেন্দু অধিকারী বিরোধীদলীয় নেতার দায়িত্বে ছিলেন, এবার তিনি রাজ্যের শাসনভার গ্রহণ করলেন।গত ৪ মে ঘোষিত নির্বাচনের ফলাফল অনুযায়ী, পশ্চিমবঙ্গের ২৯৩টি আসনের মধ্যে ২০৭টি আসন পেয়ে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। অন্যদিকে ৮০টি আসন পেয়ে প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়েছে তৃণমূল কংগ্রেস।

এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক ছিল ভবানীপুর কেন্দ্র। সেখানে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত করেছেন। নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেস এখন বিধানসভায় গঠনমূলক বিরোধী দলের দায়িত্ব পালন করার প্রস্তুতি নিচ্ছে।