বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

৩ হাজার টাকা পাবেন পশ্চিমবঙ্গের নারীরা: শুভেন্দু সরকারের বড় ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

মে ১২, ২০২৬, ১০:০৫ এএম

৩ হাজার টাকা পাবেন পশ্চিমবঙ্গের নারীরা: শুভেন্দু সরকারের বড় ঘোষণা

নারীদের জন্য নতুন প্রকল্প ঘোষণা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নারীদের জন্য নতুন আর্থিক সহায়তা কর্মসূচি ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ চালুর ঘোষণা দিয়েছে শুভেন্দু অধিকারীর নবগঠিত সরকার। আগামী ১ জুন থেকে এই প্রকল্পের আওতায় রাজ্যের নারীদের ব্যাংক অ্যাকাউন্টে মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর নতুন সরকারের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

একই সঙ্গে ওই দিন থেকেই সরকারি বাসে নারীদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনী প্রচারের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

সরকার গঠনের পরপরই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে হাঁটল বিজেপি সরকার।বিজেপির জয়ী প্রার্থী সঞ্জয় সিং জানিয়েছেন, বর্তমানে যারা তৃণমূল সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তারাই স্বয়ংক্রিয়ভাবে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর আওতায় আসবেন। 

তবে এই প্রকল্পে ভুয়া সুবিধাভোগী বা অনুপযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করতে কঠোর যাচাই-বাছাই করা হবে। তার মতে, অনেক প্রকৃত সুবিধাভোগী এখনো বঞ্চিত থাকলেও অনেকে অনিয়মের মাধ্যমে সুবিধা নিচ্ছেন, যা খতিয়ে দেখা হবে।রাজ্যের নবনিযুক্ত মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, যারা আগে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ পেতেন, তারা সবাই নতুন প্রকল্পের সুবিধা পাবেন। সব অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে টাকা দেওয়ার আগে মৃত ব্যক্তি, নাগরিকত্বহীন ব্যক্তি বা অনিয়মের মাধ্যমে তালিকায় নাম আসা ব্যক্তিদের নাম বাদ দিতে যাচাই করা হবে। 

ভবিষ্যতে অতিরিক্ত কোনো তথ্য বা নথির প্রয়োজন হলে সরকার তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবে।উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মমতা ব্যানার্জির সরকার নারীদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু করেছিল। শুরুতে মাসে ৫০০ টাকা করে দেওয়া হলেও ধাপে ধাপে সেই অর্থ বাড়ানো হয়। সর্বশেষ তফসিলি ও আদিবাসী সম্প্রদায়ের নারীরা মাসে ১ হাজার ৭০০ টাকা পর্যন্ত পেতেন। ২০২৬ সালের নির্বাচনে বিজেপি সেই প্রকল্পকেই পাল্টা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে ৩ হাজার টাকা আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়ে জয়লাভ করে। এবার সেই প্রতিশ্রুতিই বাস্তবায়ন হতে যাচ্ছে।