বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে একদিন যুক্তরাষ্ট্রেই হামলা করবে ইরান?

আন্তর্জাতিক ডেস্ক

মে ১২, ২০২৬, ১০:২৩ এএম

যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে একদিন যুক্তরাষ্ট্রেই হামলা করবে ইরান?

ইরানের হাতে মার্কিন সামরিক প্রযুক্তি

যুদ্ধক্ষেত্রে অবিস্ফোরিত অবস্থায় পাওয়া মার্কিন ও ইসরায়েলি অস্ত্র এখন ইরানের সামরিক গবেষণাগারে। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক অস্ত্রের প্রযুক্তি ব্যবহার করেই কি ভবিষ্যতে ওয়াশিংটনের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলবে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, দেশটির বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সম্প্রতি হরমোজগান প্রদেশ থেকে অন্তত ১৫টি ভারী মার্কিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। এগুলোর অনেকগুলোই যুদ্ধের সময় ইরানের ভূখণ্ডে পড়লেও বিস্ফোরিত হয়নি। 

উদ্ধার হওয়া এসব অস্ত্রের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের অত্যন্ত শক্তিশালী ‘জিবিইউ-৫৭ বাংকার বাস্টার’ বোমা। প্রায় ১৩ হাজার কেজি ওজনের এই বোমাটি ১৮ মিটার পুরু কংক্রিট বা প্রায় ২০০ ফুট মাটি ভেদ করে ভেতরে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। মূলত মাটির নিচে থাকা গোপন বাংকার বা স্থাপনা ধ্বংস করতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়।

এছাড়া ইরান টমাহক ক্ষেপণাস্ত্র, এজিএম-১৫৮ ক্ষেপণাস্ত্র এবং এমকিউ-৯ ড্রোনের অংশবিশেষও নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করা হয়েছে। ইরানের কট্টরপন্থি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এসব অস্ত্র বর্তমানে দেশটির কারিগরি ও গবেষণা ইউনিটের অধীনে রয়েছে এবং সেগুলো বিশ্লেষণ করে নতুন প্রযুক্তি তৈরির কাজ চলছে।

সামরিক বিশ্লেষকদের মতে, ইরান এখন এসব অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করার চেষ্টা করবে। অর্থাৎ অস্ত্রগুলোর নকশা, প্রযুক্তি ও কার্যপদ্ধতি বুঝে একই ধরনের প্রযুক্তি নিজস্বভাবে তৈরি করার প্রক্রিয়া শুরু হবে। এ ক্ষেত্রে ইরানের পূর্ব অভিজ্ঞতাও রয়েছে। ২০১১ সালে যুক্তরাষ্ট্রর অত্যাধুনিক আরকিউ-১৭০ গোয়েন্দা ড্রোন অক্ষত অবস্থায় নিয়ন্ত্রণে এনে সেই প্রযুক্তির আদলে নিজস্ব ড্রোন তৈরি করেছিল তারা। বর্তমানে বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত ইরানের ‘শাহেদ’ ড্রোনের পেছনেও সেই অভিজ্ঞতার প্রভাব রয়েছে বলে মনে করা হয়।

বিশ্লেষকদের আশঙ্কা, ইরান যদি এই নতুন অস্ত্রগুলোর প্রযুক্তিগত কাঠামো বুঝে ফেলতে পারে, তাহলে ভবিষ্যতে মার্কিন প্রযুক্তির হামলা ঠেকানো তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এমনকি ইরানের কট্টরপন্থি মহল থেকে এসব প্রযুক্তিগত তথ্য রাশিয়া ও চীনের মতো দেশগুলোর সঙ্গে ভাগাভাগি করারও আহ্বান জানানো হয়েছে। এমনটি হলে বৈশ্বিক সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক প্রযুক্তির নিরাপত্তা আরও জোরদার করতে বাধ্য করবে। একই সঙ্গে ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্রের প্রযুক্তি সুরক্ষায় ওয়াশিংটনকে নতুন কৌশল নিতে হতে পারে। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক মন্তব্য করেছেন, এই অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্রগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে একদিন প্রতিপক্ষের কাছে ‘উপহার’ হিসেবেই ফিরিয়ে দেওয়া হবে। এর অর্থ হলো, ভবিষ্যতের কোনো সংঘাতে প্রতিপক্ষের অস্ত্রই হয়তো তাদের বিরুদ্ধে ব্যবহার করবে ইরান।