রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পশ্চিমবঙ্গে সরকারি চাকরির আবেদনের বয়স ৫ বছর বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক

মে ১২, ২০২৬, ১০:৫৯ এএম

পশ্চিমবঙ্গে সরকারি চাকরির আবেদনের বয়স ৫ বছর বাড়ল

পশ্চিমবঙ্গে চাকরির বয়স বাড়ল ৫ বছর

পশ্চিমবঙ্গে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৫ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর নবগঠিত মন্ত্রিসভা। সোমবার (১১ মে) অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনিক কাজে গতিশীলতা ও বেকারদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রিসভার পক্ষ থেকে জানানো হয়, গত কয়েক বছরে রাজ্যে পর্যাপ্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় অনেক চাকরিপ্রার্থীর নির্ধারিত বয়সসীমা পার হয়ে গেছে। ভুক্তভোগী প্রার্থীদের পুনরায় নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দিতেই বর্তমান বয়সসীমার সঙ্গে অতিরিক্ত ৫ বছর যোগ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার চাকরিপ্রার্থী নতুন করে আবেদনের সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে।

চাকরির বয়স বৃদ্ধির পাশাপাশি প্রথম বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যবীমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ রাজ্যে চালুর বিষয়েও অগ্রগতি হয়েছে। আগের প্রশাসনের আপত্তির কারণে প্রকল্পটি রাজ্যে স্থগিত থাকলেও বর্তমান সরকার এটি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এছাড়া রাজ্যে জনসংখ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ শুরু করার বিষয়েও প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জানানো হয়েছে, নিরাপত্তা ও প্রশাসনিক প্রয়োজনে সীমান্ত এলাকায় জমি হস্তান্তর এবং ব্যবহারের প্রক্রিয়া দ্রুততর করা হবে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত এলাকায় সমন্বয় বাড়ানো এবং নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

প্রথম মন্ত্রিসভা বৈঠকে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে। সরকারের একটি সূত্র জানিয়েছে, আগামী বৈঠকে স্বাস্থ্য খাতের ব্যাপক সংস্কার, নারী নিরাপত্তা জোরদার এবং দুর্নীতি দমনের বিষয়ে বড় ধরনের সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া বকেয়া ভাতা সংক্রান্ত বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। নতুন প্রশাসন দ্রুত সিদ্ধান্তের মাধ্যমে উন্নয়নের গতি সচল রাখতে চায় বলে জানানো হয়েছে।