মে ১২, ২০২৬, ১১:৩২ এএম
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের আপস করা যাবে না বলে কড়া নির্দেশ দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই বিশেষ নির্দেশনা দেন। প্রশাসনিক দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার সময় মমতার নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন তিনি।
আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুভেন্দু অধিকারী নবান্নে শীর্ষ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে তিনি স্পষ্ট বার্তা দেন যে, সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন, যাতায়াত এবং যেকোনো জনসভা বা রাজনৈতিক কর্মসূচির সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
নিরাপত্তা বলয়ে কোনো ধরনের ফাঁক বা গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও তিনি কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছেন।প্রশাসনিক মহলের ধারণা, রাজনৈতিক মতভেদ থাকলেও একজন সাবেক মুখ্যমন্ত্রীর যথাযথ মর্যাদা ও প্রোটোকল রক্ষা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনার পর থেকে রাজ্যের হাইপ্রোফাইল ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে পুলিশ প্রশাসন। মমতার নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা পুলিশের বিভিন্ন স্তরে ইতিমধ্যে বিশেষ প্রস্তুতি শুরু হয়েছে।তবে মমতার নিরাপত্তা জোরদার করা হলেও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘদিন ‘জেড প্লাস’ পর্যায়ের নিরাপত্তা পেলেও নতুন সরকার তা পর্যালোচনার পর তার বিশাল নিরাপত্তা বাহিনী এবং বিশেষ পাইলট কারের সুবিধায় কাটছাঁট করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রশাসনিক প্রয়োজনীয়তা ও প্রোটোকল অনুযায়ী এই রদবদল করা হয়েছে।সোমবারের এই নির্দেশের পর থেকে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত নিরাপত্তা ও যাতায়াতের রুটে পুলিশের নজরদারি আরও বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, এই পদক্ষেপের মাধ্যমে নতুন সরকার বিরোধী নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রীর প্রতি প্রশাসনিক সৌজন্যের একটি শক্ত বার্তা দিতে চাইছে। বর্তমানে কলকাতা পুলিশ শুভেন্দু অধিকারীর এই নির্দেশ বাস্তবায়নে কাজ শুরু করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন