রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৩, ২০২৬, ১২:৩৯ পিএম

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

ভারতের জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ মে) সকালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে হরিয়ানার গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা পর্যবেক্ষণের জন্য ভর্তি রাখার সিদ্ধান্ত নেন।

দলীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ৭৯ বছর বয়সী এই বর্ষীয়ান রাজনৈতিক নেত্রীর শারীরিক অবস্থা বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। তাঁর অসুস্থতার খবর প্রকাশের পর কংগ্রেস দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গত ২৪ মার্চ সোনিয়া গান্ধী জ্বরে আক্রান্ত হয়ে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে সময় চিকিৎসকরা জানিয়েছিলেন, তিনি ‘সিস্টেমিক ইনফেকশন’ বা দেহের অভ্যন্তরীণ সংক্রমণজনিত জটিলতায় ভুগছিলেন।

স্যার গঙ্গা রাম হাসপাতালে টানা সাত দিন চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। ওই সময় হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছিলেন, সংক্রমণের চিকিৎসায় সোনিয়া গান্ধী অ্যান্টিবায়োটিক থেরাপিতে ইতিবাচক সাড়া দিয়েছিলেন।মেদান্ত হাসপাতালের একটি সূত্র ইঙ্গিত দিয়েছে, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। 

বর্তমানে অভিজ্ঞ চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁর স্বাস্থ্যগত বিষয়ের দেখাশোনা করছে।সোনিয়া গান্ধীর দ্রুত সুস্থতা কামনা করে তাঁর দলের নেতা-কর্মী এবং ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিচ্ছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বা কংগ্রেসের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো বুলেটিন প্রকাশ করা হয়নি।