মে ১৭, ২০২৬, ০৩:৫৬ পিএম
পশ্চিমবঙ্গে ‘জয় বাংলা’ স্লোগান দিলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। গতকাল শনিবার (১৬ মে) দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনি প্রচারের এক জনসভায় তিনি এই মন্তব্য করেন। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করে তিনি এই হুঁশিয়ারি দেন।
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট করে বলেন যে রাজ্যে এই স্লোগান কোনোভাবেই বরদাশত করা হবে না।জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি অভিযোগ করেন, রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প যেমন প্রধানমন্ত্রীর যোজনা, আম্ফানের ত্রাণ এবং ১০০ দিনের কাজের টাকা নিয়ে ব্যাপক দুর্নীতি ও ঘুষবাণিজ্য হয়েছে।
তিনি নারীদের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে স্থানীয় এক নেতার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এছাড়া তিনি দাবি করেন, তাদের দল ক্ষমতায় আসার মাত্র আট দিনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছে।
এ পর্যন্ত রাজ্যে মোট ৩২১ জন বিজেপি কর্মী শহীদ হয়েছেন এবং তাদের পরিবারে যোগ্য সদস্যদের চাকরি দেওয়া হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।জনসংখ্যা গণনার কাজ পুনরায় চালু করা এবং বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান শুভেন্দু।
তিনি আরও বলেন, সিএএর আওতায় থাকা সব শরণার্থীদের পুনর্বাসন দেওয়া হলেও অনুপ্রবেশকারীদের দেশ থেকে বিদায় করা হবে। উল্লেখ্য, ফলতা কেন্দ্রে ইভিএম কারচুপি ও সিসি ক্যামেরা বন্ধ রাখার গুরুতর অভিযোগ ওঠার কারণে আগামী বৃহস্পতিবার (২১ মে) সেখানে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তথ্যসূত্র: দ্য স্টেটসম্যান


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন