মে ২০, ২০২৬, ১২:৩২ পিএম
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বেইজিংয়ে। এই বৈঠকে শি জিনপিংকে আবারও প্রিয় বন্ধু বলে সম্বোধন করেছেন পুতিন। রাশিয়া ও চীনের সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি।চলতি বছর এটিই রুশ প্রেসিডেন্টের প্রথম বিদেশ সফর।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর শেষ হওয়ার পরপরই বেইজিংয়ে গেলেন পুতিন। মঙ্গলবার গভীর রাতে তাকে বহনকারী বিমানটি বেইজিংয়ে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীনে এটি পুতিনের ২৫তম রাষ্ট্রীয় সফর, যেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।
বুধবার সকালে শি জিনপিংয়ের সঙ্গে তার সংক্ষিপ্ত দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।পুতিন জানান দীর্ঘদিন ধরে তিনি এই বৈঠকের অপেক্ষায় ছিলেন। জবাবে শি জিনপিং উন্নয়ন ও পুনরুজ্জীবনের ক্ষেত্রে দুই দেশকে একে অপরকে সহায়তা করার কথা বলেন। চীনের জন্য রাশিয়া একটি নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী দেশ হিসেবেই থাকবে বলে নিশ্চিত করেছেন পুতিন।
পশ্চিমা নিষেধাজ্ঞার পর দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বিশেষ করে জ্বালানি খাতে আরও শক্তিশালী হয়েছে।দীর্ঘ বিরতির পর পাওয়ার অব সাইবেরিয়া-২ পাইপলাইনের নির্মাণ শেষের পথে। এই পাইপলাইন দিয়ে রাশিয়া বছরে প্রায় ৫০ বিলিয়ন ঘনমিটার গ্যাস চীনকে সরবরাহ করতে পারবে। হরমুজ প্রণালির চলমান সংকট এবং বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তার মাঝে চীনের জ্বালানি নিরাপত্তায় এটি বড় ভূমিকা রাখবে।শি জিনপিংয়ের সঙ্গে একান্ত বৈঠকের পর দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।
কৌশলগত সহযোগিতা বাড়াতে বেশ কয়েকটি নথিতে স্বাক্ষর করার কথা রয়েছে। একটি যৌথ বিবৃতিও প্রকাশ করতে পারে দুই দেশ। সফরের অংশ হিসেবে পুতিন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এবং তার শৈশবের পরিচিত এক চীনা প্রকৌশলীর সঙ্গেও সাক্ষাৎ করবেন।
বিশ্লেষকদের ধারণা ইউক্রেন যুদ্ধও এই আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয়।চীন এখন পর্যন্ত এই যুদ্ধে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে। তবে পশ্চিমা নিষেধাজ্ঞার সমালোচনা করে তারা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে আসছে। দিনের কর্মসূচিতে শি জিনপিংয়ের সঙ্গে ফটো প্রদর্শনী, সন্ধ্যায় সংবর্ধনা অনুষ্ঠান এবং চায়ের আড্ডায়ও অংশ নেবেন পুতিন।
তথ্যসূত্র: বিবিসি


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন