বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

যুক্তরাষ্ট্রের ‘গোল্ডেন ডোম’ পরিকল্পনার নিন্দা জানাল চীন ও রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

মে ২০, ২০২৬, ০৬:৩৮ পিএম

যুক্তরাষ্ট্রের ‘গোল্ডেন ডোম’ পরিকল্পনার নিন্দা জানাল চীন ও রাশিয়া

বেইজিংয়ে শীর্ষ বৈঠক

যুক্তরাষ্ট্রের পরিকল্পিত গোল্ডেন ডোম প্রকল্প এবং মহাকাশে অস্ত্র স্থাপনের তীব্র নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে এক বৈঠকের পর এই যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। এই নতুন প্রযুক্তি কৌশলগত স্থিতিশীলতার জন্য স্পষ্ট হুমকি তৈরি করছে বলে তারা দাবি করেছেন।

মহাকাশে সংঘাতের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেওয়ার শঙ্কা প্রকাশ করা হয়েছে ওই বিবৃতিতে।গোল্ডেন ডোম ব্যবস্থাটি মূলত ইসরাইলের পরিচিত আয়রন ডোম মডেলের ভিত্তিতে তৈরি করা হয়েছে। 

শুরুতে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছিল আয়রন ডোম অব আমেরিকা। এটি একটি পরিকল্পিত বহুস্তরীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করবে। শত্রুপক্ষের ছোড়া ব্যালিস্টিক, হাইপারসনিক এবং ক্রুজ মিসাইল শনাক্ত করে মাঝপথেই তা ধ্বংস করতে সক্ষম হবে এই নতুন প্রযুক্তি।

ইসরাইলের আয়রন ডোমের তুলনায় এই গোল্ডেন ডোম পুরো পৃথিবীকে এর আওতায় অন্তর্ভুক্ত করবে। কক্ষপথে অবস্থানরত কয়েক হাজার উপগ্রহের সমন্বয়ে পুরো ব্যবস্থাটি পরিচালিত হবে। মহাকাশকে সশস্ত্র সংঘর্ষের ক্ষেত্র হিসেবে রূপান্তরের এই প্রবণতা মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারের নীতির পরিপন্থি বলে যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।এ ধরনের তৎপরতা বর্তমানের কঠিন বৈশ্বিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে দুই শীর্ষ নেতা সতর্ক করেছেন।

তথ্যসূত্র: বিবিসি