জুন ৬, ২০২৬, ১২:৫৪ পিএম
ভারতের কৌশলগত স্বায়ত্তশাসনের প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের ওপর নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ সৃষ্টি করার যেকোনো চেষ্টা উল্টো ফল বয়ে আনবে। সার্বভৌম দেশগুলোকে তাদের নিজস্ব প্রতিরক্ষা ও অর্থনৈতিক অংশীদার বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা থাকতে হবে বলেও তিনি মন্তব্য করেছেন।
সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে এ কথা বলেন তিনি।পুতিন জানান, ভারত সবসময়ই নিজেদের জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। রাশিয়ার সঙ্গে সম্পর্কের কারণে বাইরে থেকে চাপ আসলেও ভারত ভবিষ্যতেও নিজস্ব নীতি অনুসরণ করবে বলে তিনি বিশ্বাস করেন।
পুতিন জোর দিয়ে বলেন, ভারত একটি সার্বভৌম দেশ এবং তারা নিজেদের জন্য উপযোগী ও আধুনিক পণ্য বেছে নেওয়ার অধিকার রাখে।অন্যান্য দেশের চাপের মুখেও ভারত নিজেদের অবস্থান ধরে রেখেছে।
ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা যেমন যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিষেধাজ্ঞার চাপের বিষয়েও কথা বলেছেন পুতিন। তিনি জানান, নয়াদিল্লি ধারাবাহিকভাবে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে আসছে এবং তারা জাতীয় স্বার্থকে সব সময় সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।
রাশিয়া-ভারত সম্পর্কের গভীরতা নিয়েও তিনি ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সার্বভৌমত্বের মর্যাদা বজায় রাখা জরুরি। ভারতের এই স্বাধীন অবস্থানকে সম্মান জানানো উচিত বলে মনে করেন রুশ প্রেসিডেন্ট।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন