রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভারতে তেলাপোকা আন্দোলনের উত্থান: মোদি সরকারের চ্যালেঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৮, ২০২৬, ০৩:০২ পিএম

ভারতে তেলাপোকা আন্দোলনের উত্থান: মোদি সরকারের চ্যালেঞ্জ

ভারতের বর্তমান ডানপন্থি সরকারের ক্ষমতার বিপরীতে তরুণ প্রজন্মের এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি। ব্যঙ্গাত্মক উদ্যোগ থেকে জন্ম নেওয়া এই দলটি এখন দেশটির বেকার ও হতাশ তরুণদের কণ্ঠস্বর। শনিবার দিল্লির রাজপথে হাজার হাজার তরুণ জড়ো হয়ে তাদের বিক্ষোভ প্রদর্শন করেছে।

আন্দোলনের নেপথ্যে রয়েছেন অভিজিৎ দীপকে। বোস্টন ইউনিভার্সিটির এই স্নাতক যখন দেখলেন ভারতের প্রধান বিচারপতি দেশটির বেকার তরুণদের ‘পরজীবী’ ও ‘তেলাপোকা’র সঙ্গে তুলনা করেছেন, তখন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মজা করে একটি আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে ‘সব তেলাপোকা একজোট’ হওয়ার ডাক ছড়িয়ে পড়ে দ্রুত।

কয়েক সপ্তাহের মধ্যে সিজেপির ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ২২ মিলিয়নের বেশি হয়ে গেছে। সরকারের তরফ থেকে এই দলের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট ব্লক করার চেষ্টা করা হলেও জনস্রোত আটকানো যায়নি। 

বিশ্লেষকদের মতে, সিজেপি এখন কেবল ব্যঙ্গ নয়, বরং ভারতের শিক্ষাব্যবস্থায় চলমান সংকট ও চাকরির বাজারে তরুণদের হতাশার প্রতীকে পরিণত হয়েছে।ভারতের বর্তমান পরিস্থিতিতে ২৫ বছরের কম বয়সী স্নাতকদের প্রায় ৪০ শতাংশ বেকার। শিক্ষায় সরকারি বাজেটের চেয়ে বেসরকারি টিউশনে বেশি অর্থ ব্যয় করতে গিয়ে মধ্যবিত্ত পরিবারগুলো ঋণের জালে জড়িয়ে পড়ছে। মেডিকেলের মতো গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও বিশৃঙ্খলা শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।

বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দাবি জানিয়েছেন। দিল্লির রাস্তায় হাজার হাজার তরুণ নিজেদের ‘তেলাপোকা’ পরিচয় দিয়ে প্রমাণ করেছেন, তারা আর প্রশাসনিক অবহেলা ও তুচ্ছতাচ্ছিল্য মেনে নিতে রাজি নন।

যদিও সরকারের ক্ষমতা ও রাষ্ট্রীয় দমনের বিপরীতে এই আন্দোলনকে ডেভিড ও গোলিয়াথের লড়াই হিসেবে দেখছেন অনেকে, তবুও দীপকে বলছেন, তারা ব্যঙ্গ-বিদ্রূপকে বিপ্লবে রূপান্তর করতে সক্ষম হয়েছেন। এই আন্দোলন কতটা দীর্ঘস্থায়ী হয়, সেটাই এখন দেখার বিষয়।