জুন ২২, ২০২৬, ১২:১৩ পিএম
বিশ্ববাজারে উড়োজাহাজের জ্বালানির দাম কমায় বিমান ভাড়া কমাল এয়ার এশিয়া এক্স। মালয়েশিয়ার এই বাজেট এয়ারলাইনসটি চলতি জুন মাসের ১৫ তারিখ থেকে তাদের সব রুটের টিকিট ও ভাড়ার হার ৫ শতাংশ কমিয়ে দিয়েছে।আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমলে প্রতি সপ্তাহে এই ভাড়া পুনর্নির্ধারণ করা হতে পারে।
বিমান সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা বো লিঙ্গাম জানান, গত শুক্রবার সিঙ্গাপুরে উড়োজাহাজের জ্বালানি প্রতি ব্যারেল বিক্রি হয়েছে প্রায় ১১২ মার্কিন ডলারে। এই দর গত ৩০ মার্চের সর্বোচ্চ ২৪২ ডলারের চেয়ে অনেক কম হলেও যুদ্ধ শুরুর আগের স্বাভাবিক সময়ের দর প্রায় ৮০ ডলারের চেয়ে এখনো বেশ বেশি। মূলত আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিম্নমুখী হওয়ায় সাধারণ যাত্রীদের স্বস্তি দিতেই বিমান ভাড়া কমাল এয়ার এশিয়া এক্স।
মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন একটি সমঝোতা স্মারক সই হওয়ার পর থেকেই বৈশ্বিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে। এই কূটনৈতিক অগ্রগতি সংকটে থাকা আন্তর্জাতিক বিমান চলাচল শিল্পের জন্য একটি বড় স্বস্তি নিয়ে এসেছে।
এর আগে জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিশ্বজুড়ে এভিয়েশন খাত বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনকার মতোই স্বাভাবিক থাকলে প্রতি সপ্তাহে তেলের দামের ওপর ভিত্তি করে নিয়মিত বিমান ভাড়া সংশোধন বা সমন্বয় করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: আলজাজিরা

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন