সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২২, ২০২৬, ০৩:২৪ পিএম

পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাঁর পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। সোমবার লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে দেওয়া এক আবেগঘন বক্তব্যে তিনি নিজের এই আকস্মিক সিদ্ধান্তের কথা জানান।দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি লেবার পার্টির নেতৃত্ব ও প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।

আগামী জুলাই মাস থেকে যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। এই রাজনৈতিক প্রক্রিয়া আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগপর্যন্ত কিয়ার স্টারমার অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন এবং সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরে কাজ করবেন।বিগত ২০২৪ সালের সাধারণ নির্বাচনে লেবার পার্টিকে এক ঐতিহাসিক ও বড় জয় এনে দিয়েছিলেন এই প্রবীণ নেতা। 

তাঁর হাত ধরেই দেশটিতে দীর্ঘ ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটেছিল। তবে ক্ষমতায় আসার পর একাধিক গুরুত্বপূর্ণ নীতিগত অবস্থান পরিবর্তন, জনসম্পৃক্ততার অভাব এবং দলের অভ্যন্তরীণ তীব্র অসন্তোষের কারণে তাঁর নেতৃত্ব বড় ধরনের চাপের মুখে পড়ে। বিশেষ করে সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার পার্টির চরম হতাশাজনক ফলের পর তাঁর ওপর পদত্যাগের চাপ আরও তীব্র হয়ে ওঠে।

ব্রিটিশ রাজনীতিতে কিয়ার স্টারমারের এই পদত্যাগের সিদ্ধান্ত নতুন এক রাজনৈতিক অনিশ্চয়তার জন্ম দিয়েছে। বর্তমানে তাঁর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অ্যান্ডি বার্নহামের নাম আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।